'জবাব' দিলেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে প্রতিপক্ষের মাঠে গোল পেয়ে উচ্ছ্বসিত রোনালদো। পরশু চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে l এএফপি
অবশেষে প্রতিপক্ষের মাঠে গোল পেয়ে উচ্ছ্বসিত রোনালদো। পরশু চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে l এএফপি

ম্যাচের পর রোমার কোচ লুসিয়ানো স্প্যালেত্তির হয়তো সেই সাংবাদিকদের কথা মনে পড়ে গেছে। কী দরকার ছিল আগের দিন ক্রিস্টিয়ানো রোনালদোকে ওভাবে তাতিয়ে দেওয়ার? এমএসএন, প্রতিপক্ষের মাঠে নিজের ফর্ম—সাংবাদিকেরা এসব নিয়ে প্রশ্ন তোলায় সংবাদ সম্মেলন থেকে রাগ করে বেরিয়েই গিয়েছিলেন রোনালদো। মনে মনে নিশ্চয়ই ঠিক করে রেখেছিলেন, জবাবটা মাঠেই দেবেন। সেটা দিলেন দারুণভাবেই, চার ম্যাচ পর প্রতিপক্ষের মাঠে গোল পেলেন রোনালদো। রোমার সঙ্গে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে ২-০ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে রিয়াল বলতে গেলে এক পা-ই দিয়ে রাখল।
অথচ ম্যাচের প্রথমার্ধে রোনালদো মোটামুটি ‘অদৃশ্য মানব’ হয়ে ছিলেন। ৫৭ মিনিটে রোনালদো ফিরলেন স্বরূপে। মার্সেলোর পাসটা বাঁ পায়ের দারুণ এক ফ্লিকে নিলেন ডান পায়ে। তারপর ডান পায়ে যে শটটি রোনালদো নিলেন সেটি ঠেকাতে পারেননি রোমার গোলরক্ষক শেজনি। একটু ভাগ্যের সহায়তাও পেয়েছেন রোনালদো, রোমার আলেসান্দ্রো ফ্লোরেঞ্জির বুট ছুঁয়ে গিয়েছিল ওই শট।
গোলটা করেই নিজের স্বভাবসুলভ ওই উদ্যাপন নয়, রোনালদো ছুটে যান কোচ জিনেদিন জিদানের দিকে। আঙুল উঁচিয়ে যেন বলতে চাইলেন, ‘বলেছিলাম না, মাঠেই জবাবটা দেব!’ জিদান অবশ্য আলাদা করে রোনালদোকে প্রশংসায় ভাসাননি। যেন জানতেন, এমন কিছু হবেই, ‘ক্রিস্টিয়ানো খুবই ভালো করেছে। বাকিরাও দারুণ খেলছে। এমনকি যারা মাঠের বাইরে ছিল তাদের ভূমিকাও কম ছিল না। দলের মনোবলটা ধরে রাখতে ওরা সাহায্য করেছে।’ বরং জিদানের চেয়ে স্প্যালেত্তির কণ্ঠেই রোনালদো-বন্দনাটা একটু বেশি, ‘রোনালদোর মতো খেলোয়াড়কে এক ইঞ্চি জায়গা ছেড়ে দিলে ও এক মাইল নিয়ে নেবে।’
হেসের ৮৪ মিনিটের গোলটাই রিয়ালকে কোয়ার্টার ফাইনালের পথে অনেক দূর এগিয়ে দিয়েছে। জিদান আলাদা করে হেসে রদ্রিগেজের কথাই বললেন, ‘আমি হেসের গোলটা নিয়ে খুবই খুশি। এটা তার প্রাপ্য ছিল। সে যাতে নিজের উন্নতিটা ধরে রাখে সেটা আমি নিশ্চিত করার চেষ্টা করব।’
ম্যাচের ফলটা অবশ্য খেলার আসল চিত্রটা ঠিক দেখায় না। রোমা সমানে সমানেই পাল্লা দিয়েছে, প্রথমার্ধে রিয়াল তাদের গোলে একটা শটও নিতে পারেনি। বরং রাফায়েল ভারানই দুবার বাঁচিয়েছেন রিয়ালকে। রোমার ফ্লোরেঞ্জি তো নিজেদের ‘পুরো নম্বরই’ দিয়ে দিচ্ছেন, ‘এটা ছিল বড় কোনো দলের বিপক্ষে এই মৌসুমে আমাদের সেরা পারফরম্যান্স। কিন্তু এত ভালো খেলেও স্কোরে সেটার প্রতিফলন নেই, ব্যাপারটা মেনে নিতে আমাদের কষ্ট হচ্ছে।’
তবে জিদান ম্যাচটা অনেক দিনই মনে রাখবেন। শুধু স্বস্তির জয় বলেই নয়, কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগে এটা যে তাঁর প্রথম জয়! এএফপি, গোলডটকম।
এক নজরে
রোমা ০ : ২ রিয়াল মাদ্রিদ
গেন্ট ২ : ৩ ভলফ্সবুর্গ
* প্রথমে স্বাগতিক দল