'জাতীয় দলের হয়ে সাফল্য আমার জন্য নয়'

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার ঘোষণাটা লিওনেল মেসি ‘উত্তেজনার বশেই’ নিয়েছেন বলে জানিয়েছেন তাঁর জাতীয় দল সতীর্থ সার্জিও আগুয়েরো। আরেক সতীর্থ গোলকিপার সার্জিও রোমেরোর মতে, এই সিদ্ধান্ত থেকে হয়তো সরে আসতে পারেন মেসি। কিন্তু সত্যিই কি মেসি সরে আসবেন তাঁর এই সিদ্ধান্ত থেকে? সত্যিই কি এই সিদ্ধান্ত আবেগপ্রবণ হয়ে নেওয়া?
হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলেন মেসি? বড় প্রতিযোগিতার ফাইনালে আর্জেন্টিনার টানা তিনটি স্বপ্নভঙ্গ যে তাঁর মনে গভীর রেখাপাত করেছে, সেটা তো আছেই। এর পাশাপাশি শতবর্ষী কোপা আমেরিকায় চিলির বিপক্ষে ফাইনালে নিজের টাইব্রেকার মিসটিকে কিছুতেই মেনে নিতে পারছেন না বর্তমান দুনিয়ার অন্যতম সেরা এই ফুটবল তারকা। তিনি বলেছেন, ‘আবারও একটি আকাশসমান হারের বেদনায় জর্জরিত হলাম। আমি নিজে টাইব্রেকার মিস করেছি, যেটা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর্জেন্টিনার হয়ে একটি শিরোপা জিততে আমার সবটুকু সামর্থ্যই উজাড় করে দিয়েছিলাম। কিন্তু পারলাম না। সাফল্যটা হাতে ধরা দিল না।’
এবারের কোপায় দারুণ খেলেছেন মেসি। দুর্দান্ত খেলেছিলেন ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে কিংবা ২০১৫ সালে চিলির আগের কোপা আমেরিকাতেও। কিন্তু কোনো একটা কারণে সাফল্য ধরা দিচ্ছে না তাঁর হাতে। ব্যাপারটা মেসিকে ছুঁয়ে গেছে দারুণভাবেই, ‘এসব নিয়ে বিশ্লেষণের সময় এটা নয়। ড্রেসিংরুমে বসে আমার মনে হলো জাতীয় দলের হয়ে আর নয়। জাতীয় দলের হয়ে সাফল্য, শিরোপা জয়, এসব আমার জন্য নয়।’
মাত্র ২৯ বছর বয়সেই ফুটবলের সম্ভব-অসম্ভব অনেক অর্জনই নিজের করে নিয়েছেন মেসি। ক্লাব বার্সেলোনার হয়ে তাঁর সাফল্য যেকোনো ফুটবলারের জন্যই ঈর্ষণীয়। ফিফার বর্ষসেরা খেতাব—ব্যালন ডি’অর জিতেছেন পাঁচবার। কিন্তু দেশের হয়ে ২০০৬ সাল থেকে তাঁর প্রাপ্তির ঘর শূন্যই। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকের সোনার পদক ছাড়া আর্জেন্টিনার আকাশি-নীল জার্সিতে কখনোই শেষ হাসিটা দিতে পারেননি। ২০০৬ থেকে খেলেছেন টানা তিনটি বিশ্বকাপ। প্রথমবার দুবার দলকে বিদায় নিতে দেখেছিলেন শেষ আট থেকে। অধিনায়কত্বের আর্মব্যান্ড নিয়ে ২০১৪-তে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেও শেষটা হয়েছে কান্নাভেজা। ২০০৭ থেকে এ পর্যন্ত খেললেন চারটি কোপা আমেরিকা। এর মধ্যে আছে তিনটি ফাইনাল, তিনটিতেই প্রাপ্তির ঘর শূন্য। সূত্র: রয়টার্স।