'জাদুর রহস্য' বলবেন না নেইমার

জাদুকরের জাদুতে মুগ্ধ হবেন দর্শকেরা। তাঁর নানা কৌশলে মুগ্ধ হয়ে সবাই চোখ কপালে তুলবে এটাই তো স্বাভাবিক। জাদুর রহস্য জানার তো দরকার নেই। তাহলে তো মজাই উবে যায়। নেইমারের ধারণা তা-ই। বার্সেলোনার জার্সিতে প্রথমবারের মতো চার গোল। সুয়ারেজকে দিয়ে করিয়েছেন একটি। পাঁচটি গোলেই সরাসরি অবদান।
১১ বছর পর লা লিগায় প্রথম কোনো ব্রাজিলিয়ান করলেন চার গোল। কিন্তু গোল চারটিতে বোঝা যাবে না নেইমারের জাদু। নেইমারের আসল জাদু আসলে ছিল আক্রমণ শানাতেই। ড্রিবলিংয়ের মন্ত্রে প্রতিপক্ষকে স্রেফ বিবশ করেছেন। দু পায়ের ফাঁক দিয়ে বল বের করে ‘নাট মেগ’-এর লজ্জায় ফেলেছেন। কিংবা সুয়ারেজকে যে ক্রসটি করলেন, যেন কাঁটা কম্পাসে মাপা!
মেসি চলে গেলে বার্সার আক্রমণের নেতৃত্ব নিতে হবে তাঁকেই। ২৩ বছর বয়সী নেইমার কাল বুঝিয়ে দিলেন, আমি তৈরি। বার্সার জার্সিতে এটাই তাঁর সেরা খেলা। প্রতিপক্ষ খেলোয়াড়দের রীতিমতো নাচিয়ে বেড়িয়েছেন। দুটি পেনাল্টিও আদায় করেছেন রক্ষণভাগকে বিভ্রান্ত করে। কী রহস্য তাঁর এমন দুর্দান্ত খেলার? নেইমার বললেন, ‘আমি কীভাবে এসব করি তা তো বলা যাবে না। তাহলে তো আর রহস্যই থাকল না। অনেক দিনের প্রশিক্ষণের পর এসব কৌশল রপ্ত করা যায়।’
বার্সা জার্সিতে প্রথম হলেও নেইমার অবশ্য আরও তিনবার এক ম্যাচে চার গোল করেছিলেন। সান্তোসের জার্সিতে দুবার, জাতীয় দলের হয়ে একবার। সান্তোসের হয়ে অবশ্য আরেক ম্যাচে পাঁচ গোলও করেছিলেন। কালকের এই গোল বন্যার পর লা লিগার শীর্ষ গোলদাতাও এখন তিনি। সূত্র: এএফপি।