'জীবনের সেরা ফর্মে' থেকে কোপা শুরু মেসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনার অনুশীলনে মেসি। ছবি: এএফপি
আর্জেন্টিনার অনুশীলনে মেসি। ছবি: এএফপি

একটা ফুটবল ম্যাচের চেহারা পাল্টে দিতে কতক্ষণ সময় লাগে লিওনেল মেসির? হাভিয়ের মাসচেরানোকে ​যদি জিজ্ঞেস করেন, বার্সেলোনার আর্জেন্টাইন মিডফিল্ডার বলবেন, ‘কেন, মাত্র পাঁচ সেকেন্ড!’
হয়তো মাসচেরানো তাঁর আর্জেন্টাইন অধিনায়ক সম্পর্কে একটু বাড়িয়েই বলেছেন। তবে মেসি যে সত্যিই ম্যাচের চেহারা বদলে দিতে পারেন একটা ঝলকে, একটা মুহূর্তে—তাতে কোনো সন্দেহ নেই। মেসির কাঁধে অবশ্য এখন অনেক বড় দায়িত্ব। এই বদলানোর জাদু তাঁকে দেখাতে হবে কোপা আমেরিকায়। বলা হচ্ছে, মেসি তাঁর জীবনের সেরা ফর্মে আছেন। সেই সেরা ফর্মে থেকেই আজ কোপা আমেরিকায় আর্জেন্টিনার মিশন শুরু করছেন খুদে জাদুকর।
বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ১৪ বারের চ্যাম্পিয়নরা। কোপার দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাজয়ী দল, কোপার সার্বিক রেকর্ডে আর্জেন্টিনাই সবার চেয়ে এগিয়ে। কিন্তু এই তথ্যটাও ​আর্জেন্টিনা সমর্থকদের পোড়ায়—১৯৯৩ সালের পর আর কোপা জেতা হয়নি। কোপা কেন, তখন থেকে আন্তর্জাতিক ফুটবলে আর কোনো সাফল্যই নেই আর্জেন্টিনার।
আর্জেন্টিনার সর্বশেষ সেই সাফল্য যেবার এল, মেসির বয়স মাত্র ৬ বছর! ক্লাব ফুটবলে ট্রেবল জিতে আসা মেসি পারবেন নিজের নামের পাশে একটা আন্তর্জাতিক ট্রফি যোগ করাতে? ক্লাবের হয়ে ২৪টি শিরোপা জিতেছেন। দু-ই ডজন! চ্যাম্পিয়নস লিগই চারবার। অথচ জাতীয় দলে? ২০০৮ অলিম্পিকের সোনা ঠিক জাতীয় দলের অর্জন নয়।
বলা হচ্ছে, এটাই মেসির সেরা সুযোগ। এমন ফুটবল তিনি তাঁর ক্যারিয়ারে খেলেননি। না, গোলসংখ্যা দিয়ে ​বিবেচনা করা যাবে না। ২০১১-১২ মৌসুমে করেছিলেন ৯১ গোল। এবারও বার্সার হয়ে ৫৭ ম্যাচে ৫৮ গোল। কিন্তু মেসিকে তাঁর জীবনের সেরা ফর্মে থাকার কথা বলা হচ্ছে অন্য কারণে। এনরিকে-যুগে মেসি এখন অন্য এক খেলোয়াড়। অনেক নিচে খেলছেন। সেখান থেকেই খেলাটা তৈরি করছেন। গোল বানিয়ে দিচ্ছেন। সেই সঙ্গে করছেনও।
জাতীয় দলের হয়ে একটা ট্রফি তাঁর চাই-ই চাই। গত বছর বিশ্বকাপ ফাইনালে উঠেও পারেননি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন বটে, কিন্তু মেসি এখন নিজেই জানাচ্ছেন, গত বছরটা ঠিক নিজের ছন্দে ছিলেন না। এবার আছেন যেমন ছন্দে। এই বদলে যাওয়ার পেছনে পিৎ​জা খাওয়া বাদ দেওয়া থেকে শুরু করে অনেক কারণই গবেষণা করে বের করা হচ্ছে। তবে এতে কোনো সন্দেহ নেই, খাওয়া যতই কমান, মেসিই সাফল্য-ক্ষুধা এই মুহূর্তে সবচেয়ে বেশি। সাফল্যের জন্য যেন তিনি বুভুক্ষু!
যাঁর কাছ থেকে অধিনায়কের বাহুবন্ধনী পেয়েছেন, সেই মাসচেরানো বলছেন, ‘মেসি এই মুহূর্তে ক্যারিয়ারের সেরা সময় পার করছে। শুধু তার শারীরিক পরিবর্তন বা যেসব কিছু বলা হচ্ছে ওসবের জন্য নয়। ও আরও বেশি অভিজ্ঞ, খেলাটা আরও বেশি বোঝে। লিও নিজেও নিজেকে নতুন করে আবিষ্কার করেছে। উইঙ্গার থেকে ও অবিশ্বাস্য একজন ফরোয়ার্ড হয়ে উঠেছে, রেকর্ডের পর রেকর্ড ভেঙে চলেছে। এখন ও পরিপূর্ণ এক খেলোয়াড়, সেটা ফুটবলের সব দিক দিয়েই। গোল বানিয়ে দিচ্ছে, অনেক নিচ থেকে খেলাটা তৈরি করছে, পাস ​দিচ্ছে, খেলার চেহারা বদলে দিচ্ছে। ও এখন একজন ফুটবলীয় নেতা। আমরা এখন মেসির একটা পরিপূর্ণ সংস্করণ উপভোগ করছি।’
শুরুতেই প্যারাগুয়ে। গতবারের কোপা রানার্স আপ। একটু কি কঠিন প্রতিপক্ষ হয়ে গেল শুরুর জন্য? এটাই বরং ভালো হয়েছে। সবচেয়ে বড় কথা, আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনোর হাত ধরেই বদলে গিয়েছিল প্যারাগুয়ে। পাঁচ বছর দলটির কোচ থাকার সময় এই দলের অনেক খেলোয়াড় তাঁর নিজ হাতে তৈরি। তবে রোমাঞ্চকর একটা ফুটবল ম্যাচ হবে, সন্দেহ নেই।
রাত জাগার কষ্টটা করতে তাই ভুলবেন না যেন!