'জীবনে' বাঁচল আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮৯ মিনিটে মাঠে নেমে দুই গোল করে ম্যাচ জিতিয়েছেন নাবিব নেওয়াজ জীবন। তাঁর দ্বিতীয় আর আবাহনীর জয়সূচক গোলের পর জীবনের উচ্ছ্বাস। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l শামসুল হক
৮৯ মিনিটে মাঠে নেমে দুই গোল করে ম্যাচ জিতিয়েছেন নাবিব নেওয়াজ জীবন। তাঁর দ্বিতীয় আর আবাহনীর জয়সূচক গোলের পর জীবনের উচ্ছ্বাস। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l শামসুল হক

নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে আবাহনী। প্রেসবক্সে আলোচনা, তাহলে এই লিগে প্রথমবার হারতে চলেছে চারবারের চ্যাম্পিয়নরা! কিন্তু হঠাৎই ভোজবাজির মতো পাল্টে গেল সব হিসাব-নিকাশ। যোগ হওয়া চার মিনিটে জোড়া গোল করলেন শেষ মুহূর্তে বদলি নামা নাবিব নেওয়াজ জীবন! যে জীবন পুরো লিগে একটা ম্যাচেও গোল করতে পারেননি, জাতীয় দলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি, সেই জীবনেই কিনা ‘জীবন’ পেল আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেষ চার মিনিটের রুদ্ধশ্বাস নাটকীয়তায় আবাহনী ৩-২ গোলে হারিয়েছে শেখ জামালকে। এই জয়ে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট আবাহনীর। শিরোপার সুবাসই যেন পাচ্ছে ধানমন্ডির দলটি। ৩০ পয়েন্ট নিয়ে তিনেই রইল শেখ জামাল।
জেতা ম্যাচটি এভাবে হেরে গিয়ে হতবিহ্বল শেখ জামালের দুই বিদেশি ফরোয়ার্ড ল্যান্ডিং দারবোয়ে ও এমেকা ডার্লিংটন। ম্যাচ শেষে শেখ জামালের এক কর্মকর্তার উদ্দেশে গালিগালাজ করতে লাগলেন এমেকা। অধিনায়কের বাহুবন্ধনী ছুড়ে ফেললেন ল্যান্ডিং। রাগে গজগজ করতে করতে এমেকা বললেন, ‘এই দেশে আর ফুটবলই খেলব না।’ ম্যাচটা কি তাহলে পাতানো ছিল? প্রশ্নটা তুলতেই এমেকার উত্তর, ‘মাঠে যা হয়েছে, সেটা তো সবাই দেখেছে।’ তবে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে বললেন, ‘যত সব ফালতু কথা। রেফারিই আমাদের দুটি পেনাল্টি দেয়নি। এ জন্য জয়টা কঠিন হয়ে পড়ছিল।’
শিরোপার দৌড় থেকে অনেক আগেই ছিটকে পড়া শেখ জামাল জয়ে হয়তো মানসিক তৃপ্তি পেত। কিন্তু আগের ম্যাচে ড্র করা আবাহনী জয়ের জন্য হন্যে ছিল। কিন্তু জানত, দলের বড় দুই অস্ত্র লি টাক ও সানডে সিজোবাকে ছাড়া কাজটা সহজ নয়। শেখ রাসেলের সঙ্গে আগের ম্যাচে লাল কার্ড দেখায় কাল মাঠে ছিলেন না আবাহনীর প্রাণভোমরা লি টাক। গ্যালারিতে বসে দলের জয় দেখেছেন। চোট মাঠে নামতে দেয়নি লিগের সর্বোচ্চ গোলদাতা (১৯) সানডেকে। তারপরও আবাহনী ম্যাচের শুরু থেকেই খেলেছে আক্রমণাত্মক ফুটবল।
৪৩ মিনিটে জুয়েলের গোলে এগিয়ে যায় আবাহনী। শেখ জামাল ৪৮ মিনিটে সমতায় ফেরে ল্যান্ডিংয়ের গোলে। ৮১ মিনিটে অফসাইডের ফাঁদ এড়িয়ে গোল করেন এমেকা।
৮৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন জীবন। যোগ হওয়া সময়ের প্রথম মিনিটেই জুয়েলের ক্রসে পাওয়া বলটি বুক দিয়ে ঠেলে জালে পাঠিয়ে দেন (২-২)। ম্যাচ শেষ হওয়ার মিনিট খানেক আগে জুয়েলের ক্রসে দ্বিতীয় জয়সূচক গোল করেন জীবন। ম্যাচ শেষে উচ্ছ্বসিত জীবন, ‘গোল না পেতে পেতে আত্মবিশ্বাস কমে যাচ্ছিল। আল্লাহকে অশেষ ধন্যবাদ, অবশেষে গোল পেয়েছি। তবে এই ম্যাচের সেরা খেলোয়াড় আমি নই, জুয়েল রানা।’