'ঝড়ে' ভাঙবে না শেখ জামাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ওপর দিয়ে যেন এক কালবৈশাখী বইছে। অল্প কিছুদিনেই ক্লাবটি দেখে ফেলল মুদ্রার দুটি পিঠ। টানা দুটি প্রিমিয়ার লিগজয়ী শেখ জামাল এখন এক ভাঙা হাট—ফুটবল অঙ্গনে কান পাতলেই শোনা যায় এমন কথা।
শেখ জামালের ঘর ভেঙে এখন পর্যন্ত অন্তত ছয়জন খেলোয়াড় শেখ রাসেলে নাম লেখাচ্ছেন বলে খবর—নাসির, জামাল ভূঁইয়া, ইয়ামিন, লিংকন, রাজু ও সোহেল রানা। ক্লাবের অনুমতি নিয়ে চট্টগ্রাম আবাহনীতে যাওয়া নিশ্চিত করেছেন তকলিচ। ইয়াসিনও নাকি চট্টগ্রামের দলটিতে ভিড়ছেন। গোলরক্ষক সোহেল যাচ্ছেন আবাহনীতে। অধিনায়ক মামুনুল ইসলাম এখন পর্যন্ত আছেন, তবে তাঁকে নিয়েও চলছে টানাটানি। মোটা অঙ্কের টাকার প্রস্তাবে দল ত্যাগের অপেক্ষায় আরও কয়েকজন।
খেলোয়াড়েরা টাকা বেশি পেয়ে অন্য দলে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন উঠেছে, দলবদলের তারিখ ঘোষণার কয়েক মাস আগেই পেশাদার খেলোয়াড়েরা কীভাবে অন্য দলে ভেড়েন? বাফুফে ভবনে সংগঠকদের মুখে ভেসে বেড়ায় এসব প্রশ্ন। তবে মূল দায়টা কিন্তু ক্লাবেরই। তারা সব জেনেও দলবদলের ছয় মাস আগেই কীভাবে অন্য দলের খেলোয়াড়ের সঙ্গে কথা বলে, আড়ালে টাকা দেয়? সব দলই এই কাজটা করে এসেছে এবং নিজেদের সুবিধামতো এখনো করছে।
গোটা প্রক্রিয়াটাই গোপনে হওয়ায় কোনো খেলোয়াড়কে অভিযুক্ত করা কঠিনই। তারপরও বছর বছর বিষয়টা নিয়ে তৈরি হচ্ছে নানা জটিলতা। কোনো কোনো খেলোয়াড় তো একাধিক ক্লাব থেকে গোপনে টাকা নিয়ে ঝামেলা বাধায়। তবে যতই গোপন হোক, আদতে কিছুই গোপন থাকছে না। চ্যাম্পিয়ন শেখ জামালের ভেঙে যাওয়ার খবরটাও তাই ফুটবলারদের মুখে মুখে।
প্রশ্নটা এখানেই, শেখ জামাল তাহলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়তে পারছে এবার? এর চেয়েও বড় প্রশ্ন, বিদেশের মাটিতে দাপট দেখানো শেষ হয়ে যাচ্ছে দলটির? কদিন আগেই এএফসি প্রেসিডেন্টস কাপের প্রাক্-বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে পরের রাউন্ডে। ভুটানের কিংস কাপ জয়, কলকাতার আইএফএ শিল্ডে দুর্দান্ত খেলে তারা বাংলাদেশের ফুটবলকে নতুন পরিচিতি দিয়েছে দেশের বাইরে।
সেই শেখ জামাল দলটা ভেঙে যাওয়া মানে দেশের বাইরেও দাপট হারানো। তবে ক্লাব সভাপতি মনজুর কাদের নিরাশার কিছু দেখছেন না। শেখ জামাল ভাঙছে এটাই তিনি মানতে রাজি নন। এত দিন যেভাবে সেরা দল গড়েছেন, এবারও ব্যতিক্রম হবে না—দাবি তাঁর।
বেশ কয়েকজন খেলোয়াড়ের দল ছাড়ার কথাটা তুললে মনজুর কাদের তাই ধীরস্থিরই, ‘খেলোয়াড়েরা তো এখনো আমাদেরই চুক্তিবদ্ধ খেলোয়াড়। কাজেই এখনই কারও দল ছাড়ার প্রশ্ন নেই। কোনো ক্লাব থেকে টাকা নেওয়া দূরের কথা, কথাও বলা নিষেধ। সে রকম কিছু করলে তাদের বিরুদ্ধে ফেডারেশন নিশ্চয়ই ব্যবস্থা নেবে।’ দলবদলের অনেক আগেই একে অন্যের ঘরভাঙা অবশ্য নতুন কিছু নয়। তবে মনজুর কাদের ঝড়ে তাঁর দল ভাঙবে না বলেই মনে করেন, ‘মোটের ওপর বলতে পারি আমরা দুর্বল হব না। যেমন আছি তেমনই থাকব আশা করি। চ্যাম্পিয়ন দলই গড়ব। ওয়েট অ্যান্ড সি।’
সেই ‘ওয়েট অ্যান্ড সি’র আগে ঢাকার ফুটবল বাজারে গুঞ্জন, খেলোয়াড়দের দৌড়ঝাঁপ ঠেকাতে পুল চায় কোনো কোনো ক্লাব। এ নিয়ে কয়েকটি ক্লাবের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা হওয়ার কথাও শোনা যাচ্ছে। বিষয়টা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ভালো চোখে দেখছেন না, ‘আমি ফেডারেশনের থাকলে পুল হবে না। এসবে আমি বিশ্বাস করি না।’ মনজুর কাদেরেরও একই কথা, ‘পুল করার কোনো ইচ্ছা আমার নেই। এটা আমার পছন্দও নয়।’
তবে মুখে যতই বলুক, দলে ভাঙন দেখে শেখ জামাল কিন্তু স্বস্তিতে নেই!