'টাকার কাছে' মামুনুলরা বাধ্য
বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন জাতীয় দলের ক্যাম্প থেকে নিজেদের খেলোয়াড় নেওয়া কি ঠিক হলো?
শেখ জামাল ধানমন্ডির সভাপতি মনজুর কাদের এমন প্রশ্ন শুনে দোষারোপ করতে থাকেন বাফুফেকে। বাফুফের কাছে নাকি আগেই জানতে চেয়েছিলেন কাল জাতীয় দলের কোনো সূচি আছে কি না। তিনি নাকি সকাল ১০টায় শেখ জামালের খেলোয়াড়দের চেয়েছিলেন। ১২টার মধ্যে ছেড়ে দিতেন। লিগ চ্যাম্পিয়ন দলটির সভাপতি এসব প্রসঙ্গ টেনে বলেন, ‘সকাল ১০টায় খেলোয়াড়দের পাঠাল না কেন? আমি আমার অফিসে খেলোয়াড়দের নিয়ে লাঞ্চ করতে চেয়েছিলাম। কিন্তু খেলোয়াড়েরা এল বেলা সোয়া তিনটায়।’
কিন্তু বাফুফে বলেছে, শেখ জামাল জোর করেই তাদের খেলোয়াড়দের নিয়েছে। অস্ট্রেলিয়ার মতো পরাক্রমশালী দলের সঙ্গে ম্যাচের আগে এভাবে ক্যাম্প থেকে খেলোয়াড় নিয়ে লাঞ্চ না করলে কি চলত না? তা ছাড়া মামুনুল, ইয়াছিন, ইয়ামিন, সোহেল রানা, কেষ্ট কুমার, রাজু, রনিদের ওভাবে নেওয়া কি জরুরি ছিল?
কাদের ক্ষুব্ধ হয়ে ওঠেন, ‘ওরা আমার খেলোয়াড়। আমি টাকা দিই। কাজেই আমি চাইলে ওরা আসতে বাধ্য। তা ছাড়া ম্যাচের পরদিনই চীন চলে যাবে জাতীয় দল। সময় নেই।’ সবই ঠিক আছে, ক্লাব টাকা দেয় বলে ক্লাবের অধিকারেই থাকেন খেলোয়াড়েরা। কিন্তু সময়টা তো দেখতে হবে। দলটা যেখানে এত বড় একটা ম্যাচ খেলতে যাচ্ছে, সেখানে কিনা ম্যাচের আগে ১০ খেলোয়াড়ের জন্য দলের অনুশীলন শুরু হলো অনেক পরে। মামুনুল রাতে জানালেন, ‘আমরা পরে গিয়ে অনুশীলন করেছি দলের সঙ্গে।’
কাদেরকে এই ব্যাপারগুলো মনে করিয়ে দিলে তিনি রেগে অগ্নিশর্মা, বলতে থাকেন, জল ঘোলা না করেই বাফুফে তার চাওয়াটা পূরণ করতে পারত। শেখ জামালের ফুটবলারদের দাবি, বাফুফের সাধারণ সম্পাদক অনুমতি দিয়েছিলেন বলেই তাঁরা ক্লাব সভাপতির মধ্যাহ্নভোজে গিয়েছেন। তবে বাফুফের সাধারণ সম্পাদক তা অস্বীকার করেছেন।