'ডর্টমুন্ডের খেলোয়াড়েরা পশু তো নয়'

পেশাদারদের নাকি আবেগ থাকতে নেই। কিন্তু একজন পেশাদারও শেষ পর্যন্ত মানুষই। পশু তো নয়! মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর দিন চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে মাঠে নামতে হওয়ায় উয়েফার সমালোচনা করেছেন বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার সক্রাতিস পাপাস্থাথোপুলোস। গ্রিসের এই ফুটবলার বলেছেন, উয়েফার বোঝা উচিত ছিল, খেলোয়াড়েরা পশু নন!
ডর্টমুন্ড-মোনাকো চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগের ম্যাচটা হওয়ার কথা ছিল গত মঙ্গলবার। ডর্টমুন্ডের খেলোয়াড়েরা প্রথম লেগে মোনাকোর বিপক্ষে খেলতে বাসে করে যাচ্ছিলেন নিজেদের স্টেডিয়ামে। কিন্তু রওনা দেওয়ার খানিক পরই বাসের কাছে বোমা বিস্ফোরণ! একটি নয়, পরপর তিনটি! এত কাছে বিস্ফোরণ হয় যে সঙ্গে সঙ্গেই ভেঙে যায় কেঁপে ওঠা বাসের জানালার অনেক কাচ। ডর্টমুন্ড ডিফেন্ডার মার্ক বার্ত্রার হাতে আঘাত লাগায় তাঁকে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অস্ত্রোপচার লেগেছে হাতে। ম্যাচটি সেদিন আর হয়নি। হয়েছে পরদিন, অর্থাৎ গতকাল।
প্রশ্ন উঠেছে—এমন একটি ঘটনার পরের দিন ম্যাচটি খেলার জন্য কি মানসিকভাবে তৈরি ছিলেন খেলোয়াড়েরা? তাঁরা যে প্রস্তুত ছিলেন না সেটা বোঝা যায় ম্যাচ শেষে দুই দলের কোচ আর খেলোয়াড়দের কথায়। ওই ঘটনায় বেঁচে যাওয়াটাকে সক্রাতিস মানছেন ভাগ্য, ‘আমি খুশি যে বেঁচে আছি। এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন দিন। মঙ্গলবারের পর ম্যাচ নিয়ে ভাবার অবসর পাইনি আমি। তাদের (উয়েফা) বুঝতে হবে যে আমরা পশু নই। আমরা মানুষ। আমাদের পরিবার আছে। ছেলেমেয়ে আছে, বাড়ি আছে। সব খেলোয়াড় আর স্টাফ বেঁচে আছে বলে আমি খুশি।’
ডর্টমুন্ডের মিডফিল্ডার নুরি শাহিনও তাঁর সতীর্থের সঙ্গে একমত, ‘আমরা জানতাম যে ফুটবলে মনোসংযোগ করাটা সহজ হবে না। ম্যাচ শুরুর আগে পর্যন্তও ওইসবই আমার মাথায় ঘুরছিল। ফুটবল মাথায় ছিল না। দ্বিতীয়ার্ধটা দারুণ খেলেছি আমরা।’ ২-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ডর্টমুন্ড। ৫৭ মিনিটে একটি গোল শোধ দেন ডেম্বেলে। এমবাপের দ্বিতীয় গোলে ৭৯ মিনিটে স্কোরলাইন ৩-১ করে মোনাকো। ৮৪ মিনিটে কাগওয়ার গোল ব্যবধান কমায় ডর্টমুন্ড। শাহিনের কাছে এই ম্যাচের ফল কোনো ব্যাপারই নয়। এখনো যে বেঁচে আছেন সেটাই তাঁর কাছে সবচেয়ে আনন্দের বিষয়, ‘আমরা সবাই মানুষ। গতকাল (মঙ্গলবার) যা হয়েছে তা আমরা কেউ চাইনি। আমি যে কত ভাগ্যবান সেটা বুঝতে পেরেছি বাড়ি ফিরে স্ত্রী আর ছেলেকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে।’
ডর্টমুন্ডের কোচ তো দাবি করেছেন তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই ম্যাচটি বুধবার আয়োজনের সিদ্ধান্ত নেয় উয়েফা, ‘কখনো আমাদের কিছু জিজ্ঞেস করা হয়নি। মোবাইল বার্তায় আমাদের জানানো হয় যে সুইজারল্যান্ডে (উয়েফার কার্যালয়) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বোমা হামলার পরের দিনই ম্যাচ খেলতে হওয়ায় উয়েফার সমালোচনা করেছেন মোনাকোর কোচ, ‘এই ম্যাচের প্রস্তুতি নেওয়া কঠিন ছিল। গত রাতে (মঙ্গলবার) খেলোয়াড়েরা তাদের পরিবারের সদস্য আর বন্ধুদের ফোন করেছে। খেলায় মনোযোগ ছিল খুব কম।’
দুই দলের সঙ্গে কথা না বলে পরের দিন ম্যাচ আয়োজনের সিদ্ধান্তের কথা অস্বীকার করেছে উয়েফা। ইউরোপের ফুটবলের অভিভাবক সংস্থাটির এক মুখপাত্রের দাবি এমনই, ‘উয়েফা দুই দলের সঙ্গেই যোগাযোগ করেছে। কোনো একটি দল (বুধবার) ম্যাচটি খেলতে চাইছে না এমন তথ্য পাইনি আমরা।’ সূত্র: এএফপি, রয়টার্স, গোল।