'ডাকাতির' দিনে জ্যামাইকার ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্রই পানামা ১০ জনের দল হয়ে গেছে। মাঠেই প্রতিপক্ষ মেক্সিকো খেলোয়াড়দের সঙ্গে ছড়িয়ে পড়ল উত্তেজনা। পরে বিতর্কিত পেনাল্টিতে ম্যাচের রেফারিংও হয়েছে প্রশ্নবিদ্ধ। পরশু আটলান্টায় কনক্যাকাফ গোল্ডকাপের সেমিফাইনালে l এএফপি
মাত্রই পানামা ১০ জনের দল হয়ে গেছে। মাঠেই প্রতিপক্ষ মেক্সিকো খেলোয়াড়দের সঙ্গে ছড়িয়ে পড়ল উত্তেজনা। পরে বিতর্কিত পেনাল্টিতে ম্যাচের রেফারিংও হয়েছে প্রশ্নবিদ্ধ। পরশু আটলান্টায় কনক্যাকাফ গোল্ডকাপের সেমিফাইনালে l এএফপি

‘এ তো বন্দুকের মুখে ডাকাতি’—ক্ষোভে ফুঁসছেন পানামার কোচ হার্নান গোমেজ। বিতর্কিত পেনাল্টিতে দল হেরেছে, তা-ও একটি নয়, দু-দুটি পেনাল্টি। কোচের এমন প্রতিক্রিয়াই স্বাভাবিক। তবে ফুটবলে এমন তো হয়েই থাকে। কিন্তু প্রতিপক্ষও যখন পেনাল্টিটা প্রাপ্য নয় বলে মেনে নেয়, রেফারির সিদ্ধান্তটা কেমন বিতর্কিত ছিল তা সহজেই বোঝা যায়। পরশু যুক্তরাষ্ট্রের আটলান্টায় পানামাকে ২-১ গোলে হারিয়ে একাদশতম বারের মতো কনক্যাকাফ গোল্ডকাপের ফাইনালে ওঠাটাও মেক্সিকো যেন ঠিক উদ্যাপন করতে পারছে না। তবে আরেক ফাইনালিস্ট জ্যামাইকা ভেসে যাচ্ছে উচ্ছ্বাসে। এই অঞ্চলের পরাশক্তি যুক্তরাষ্ট্রকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনাল, ‘রেগে বয়েজ’দের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি।
পানামা-মেক্সিকোর সেমিফাইনালটাকে আসলে নাটকীয় বললেও কম বলা হয়। ২৫ মিনিটে ১০ জনের দল হয়ে পড়ে পানামা। একজন কম নিয়েই ৫৭ মিনিটের গোলে এগিয়ে যায় তারা। অবিস্মরণীয় একটা জয় যখন দিগন্তে, ৮৯ মিনিটে পেনাল্টিতে সমতা আনে মেক্সিকো। ১০৫ মিনিটে আবারও পেনাল্টি পায় মেক্সিকো, এই গোলটাই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য ঠিক করে দিয়েছে।
গোমেজ ম্যাচের পর রীতিমতো স্তম্ভিত, ‘দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ম্যাচটা ডাকাতি করা হয়েছে’। পানামা এমনকি মাঠ থেকে উঠে আসার কথা ভাবছিলও বলে জানিয়েছেন গোমেজ, ‘মনে করেছিলাম, খেলা ছেড়ে দেব। পরিস্থিতিটা আসলে ও রকমই ছিল। খেলোয়াড়েরা আর খেলতে চাইছিল না।’ মেক্সিকো কোচ মিগুয়েল হেরেরা পর্যন্ত স্বীকার করে নিলেন, ‘রেফারিং ভালো হয়নি। প্রথম পেনাল্টিটা আসলে পেনাল্টি ছিল না। কখনো কখনো এ রকম বিতর্কিত সিদ্ধান্ত আপনার পক্ষে যেতেই পারে। দায়টা আমাদের নয়, রেফারির।’ ম্যাচ
শেষে যুক্তরাষ্ট্রের রেফারি মার্ক গেইগারের দিকে পানামার দুজন খেলোয়াড় তেড়ে গিয়েছিলেন। সতীর্থরা নিরস্ত করায় বড় কোনো অঘটন ঘটেনি।
মেক্সিকোর দশম শিরোপা জেতার পথে জ্যামাইকা বাধা হতে পারবে কি না, সেই উত্তর পাওয়া যাবে আগামী রোববার। তবে আপাতত জ্যামাইকা প্রথম ক্যারিবিয়ান দেশ হিসেবে ফাইনালে ওঠাটাই উদ্যাপন করছে। পাঁচবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগের ১৩টি ম্যাচে মাত্র একবারই জিতেছে জ্যামাইকা। জয়সূচক গোল এনে দেওয়া জাইলস বার্নসের কণ্ঠে পুরো দেশের উচ্ছ্বাসের সুর, ‘অবিশ্বাস্য। আমার ফোনটা বাজছে তো বাজছেই। অনুভূতিটা আসলে বলে বোঝাতে পারব না!’
বব মার্লের দেশ এখন চূড়ান্ত উৎসবের অপেক্ষায়। এএফপি।