'ডাকাতি' মানতে পারছে না বায়ার্ন
>বায়ার্নের খেলোয়াড়েরা মনে করছেন, ম্যাচটা ‘ডাকাতি’ করে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের কাছ থেকে! রোবেন-রিবেরি-ভিদালরা তাই ফেটে পড়েছেন ক্ষোভে
ভুল একটি হতে পারে, দুটি হতে পারে। কিন্তু একসঙ্গে এত ভুল, সেটাও আবার এমন বড় ম্যাচে! এমনকি ডাগআউটে যাঁকে কখনো উত্তেজিত হতে দেখা যায় না, সেই কার্লো আনচেলত্তিও খেপে গেলেন পরশু ম্যাচ শেষে। ভুল সিদ্ধান্তগুলোর সবই তাঁর দল বায়ার্ন মিউনিখের বিপক্ষে গেছে কিনা! আনচেলত্তি তারপরও শুধু কড়া ভাষায় শুধু রেফারিংয়ের সমালোচনাই করেছেন। তবে তাঁর দলের খেলোয়াড়েরা মনে করছেন, ম্যাচটা ‘ডাকাতি’ করে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের কাছ থেকে! রোবেন-রিবেরি-ভিদালরা কেউ সেই ক্ষোভ ঝেড়েছেন সংবাদমাধ্যমে, কেউ বা সামাজিক যোগাযোগমাধ্যমে।
রেফারির ভুল সিদ্ধান্তে লাল কার্ড দেখেছেন বায়ার্ন মিডফিল্ডার ভিদাল। রিয়াল উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো যে তিনটি গোল করেছেন, তার দুটি এসেছে অফসাইড থেকে। ৪-২ গোলে ম্যাচ হারার পর তাই হাঙ্গেরিয়ান রেফারি ভিক্টর কাসাই ও তাঁর সহকারীদের ওপর ক্ষোভ ঝেড়েছেন বায়ার্ন কোচ আনচেলত্তি, ‘আমি জানি, ফুটবলে রেফারির ভুল হতেই পারে। কিন্তু এতগুলো বড় ভুল নয়! আমরা যদি খারাপ খেলে থাকি, রেফারির পারফরম্যান্স ছিল আমাদের চেয়েও খারাপ। আমার মনে হয় না, এই রেফারি এ রকম বড় ম্যাচের যোগ্য ছিলেন। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে কোন দল খেলবে, সেটা এভাবে ঠিক হতে পারে না। এই ম্যাচের সব রেফারি ভুল করেছেন।’
এটা যে শুধু তাঁর একার মত নয়, তা-ও বলেছেন বায়ার্ন কোচ, ‘আমি ম্যাচের পর জিনেদিন জিদানের সঙ্গেও কথা বলেছি। সে-ও আমার সঙ্গে একমত হয়েছে, রেফারিং খুব বাজে ছিল আজ। আমি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির খুব একটা পক্ষে নই। কিন্তু এখন আমার মনে হচ্ছে, এটা জরুরি।’ নিজের এই ক্ষোভটা রেফারি কাসাইকেও জানিয়েছেন আনচেলত্তি, ‘আমি ম্যাচের পর ওর সঙ্গে দেখা করেছি এবং বলেছি—“ভালো করেছ”!’
আনচেলত্তির চেয়েও বেশি খ্যাপা তাঁর দলের খেলোয়াড়েরা। বায়ার্ন উইঙ্গার আরিয়েন রোবেন তো সরাসরিই এটাকে ‘ডাকাতি’ বলে দিলেন, ‘দুর্দান্ত একটা ম্যাচ হলো। কিন্তু শেষ পর্যন্ত ফলটা ঠিক করে দিলেন বাঁশি হাতে একজন। এভাবে ম্যাচ ডাকাতি লজ্জার ব্যাপার।’ রোবেনের সঙ্গে সুর মিলিয়েছেন ভিদালও, ‘যখন দুটি বড় দল চ্যাম্পিয়নস লিগের মতো বড় টুর্নামেন্টে খেলে, এ রকম ডাকাতি হওয়া উচিত না।’ রিবেরি ম্যাচের পরই রোনালদোর অফসাইড গোলের প্রমাণ হিসেবে ইনস্টাগ্রামে দুটি স্ক্রিনশট দিয়েছেন। সঙ্গে রেফারিকে বিদ্রূপ করে লিখেছেন, ‘এক বছরের কঠিন পরিশ্রম মাটি হয়ে গেল! ধন্যবাদ রেফারি, শাবাশ!’
তবে রেফারির ভুল সিদ্ধান্তের সুবিধা যে শুধু রিয়ালই পায়নি, সেটা মনে করিয়ে দিয়েছেন রিয়াল মিডফিল্ডার ইসকো, ‘প্রথম লেগে তো ওদের পক্ষেও একটা পেনাল্টি দেওয়া হয়েছিল, যেটা দেওয়া ঠিক হয়নি। আসলে ফুটবল এমনই। ম্যাচের পর এসব নিয়ে কথা বলা সময় নষ্ট ছাড়া আর কিছু না।’
তবে একসঙ্গে এত ভুল মেনে নিতে পারছেন না বায়ার্ন ফরোয়ার্ড টমাস মুলার, ‘১০ জন নিয়ে তো আর ১৪ জনের বিপক্ষে খেলা সম্ভব না। যখন আমরা ২-১ গোলে এগিয়ে ছিলাম, মাঠে আমাদের ১১ জন ছিল, তখনো আমরা ম্যাচে ছিলাম। কিন্তু এরপরই রেফারি আমাদের হাত থেকে ম্যাচটা কেড়ে নিলেন। এতই বাজে রেফারিং যে এরপর আসলে “ফুটবলে এ রকম হতেই পারে” বলার কোনো উপায় নেই।’
রেফারি যে ভুল করেছেন, সেটা মানতে আপত্তি নেই রিয়াল কোচ জিদানেরও। তবে শেষ পর্যন্ত রিয়াল যোগ্য দল হিসেবেই সেমিফাইনালে যাচ্ছে বলে মনে করেন ফরাসি কিংবদন্তি, ‘ভিদালের দ্বিতীয় হলুদ কার্ড কিংবা রোনালদোর অফসাইড গোলের চেয়ে বড় কথা, আমরা দুই লেগ মিলিয়ে ৬ গোল করেছি। আমি মনে করি, আমাদেরই পরের রাউন্ডে খেলা উচিত।’ এএফপি, রয়টার্স, গোলডটকম।