'ডাবল', না 'ট্রেবল'?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত লড়াইটা কি তাহলে রিয়াল মাদ্রিদের ‘বিবিসি’ বনাম জুভেন্টাসের ‘বিবিসি’?
রিয়ালের বিবিসি যে বেল-বেনজেমা-ক্রিস্টিয়ানো রোনালদো সেটা তো জানেনই। ভাবছেন, জুভেন্টাসের ‘বিবিসি’ আবার কারা? তিন ডিফেন্ডার বোনুচ্চি-বারজাল্লি-কিয়েল্লিনি!
কেন লড়াইটা এমন হতে পারে, সেটা ভাবারও যথেষ্ট কারণ আছে। এ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোল (৩২টি) করা দল রিয়াল। এক হিসাবে তারাই তো সবচেয়ে আক্রমণাত্মক দল। অন্যদিকে জুভেন্টাসের জালে এ পর্যন্ত গোল ঢুকেছে মাত্র ৩টি। সন্দেহাতীতভাবেই তারা এ মৌসুমে রক্ষণ বিচারে সেরা দল। কার্ডিফে আজ চ্যাম্পিয়নস লিগের ফাইনালটা তাই রিয়ালের আক্রমণভাগের বিপক্ষে জুভেন্টাসের রক্ষণের। সুতরাং এমন একটা ফাইনালের থিম তো ‘বিবিসি বনাম বিবিসি’ হতেই পারে!
অবশ্য এর মধ্যে কিছুটা ফাঁকও আছে। চোট থেকে সেরে উঠলেও গ্যারেথ বেল এখনো পুরো ফিট কি না, নিশ্চিত নয়। একাদশে তাঁর চেয়ে ইসকোকে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি কী ছকে খেলান, সেটির ওপর নির্ভর করছে আজ লিওনার্দো বোনুচ্চি, জর্জো কিয়েল্লিনির সঙ্গে আন্দ্রেয়া বারজাল্লিকে একাদশে দেখা যায় কি না। তবে একাদশে না থাকলেও বদলি হিসেবে বেল বা বারজাল্লিকে দেখা যেতেই পারে।
অবশ্য লড়াইটা যেমনই হোক, রোমাঞ্চের তাতে কমতি থাকবে বলে মনে হয় না। চ্যাম্পিয়নস লিগ যুগে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার হাতছানি রিয়ালের সামনে। যেটি রিয়াল কোচ জিনেদিন জিদানকেও নিয়ে যাবে নতুন উচ্চতায়। রিয়ালের সর্বশেষ তিনটি চ্যাম্পিয়নস লিগের সঙ্গেই কোনো না কোনোভাবে জড়িয়ে তিনি। নবমটা (২০০১-০২) জিতেছিলেন খেলোয়াড় হিসেবে, সহকারী কোচ হিসেবে দশমটা (২০১৩-১৪), গত বছর একাদশতম চ্যাম্পিয়নস লিগ ট্রফিটা জিতেছেন কোচ হিসেবে। এবার ‘দুয়োদেসিমা’ জেতার পথে শেষ বাধা তাঁরই সাবেক ক্লাব জুভেন্টাস! ২০০১ সালে রিয়ালে যোগ দেওয়ার আগে টানা পাঁচ বছর জুভের জার্সিতেই মাঠ মাতিয়েছেন জিদান। এই ফাইনালটা নিয়ে রিয়াল কোচ তাই আবেগাপ্লুত, ‘জুভেন্টাসের হয়ে আমার কত দারুণ স্মৃতি। এটা আমার কাছে বিশেষ এক ম্যাচ।’
বিশেষ ম্যাচ আসলে জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের জন্যও। প্রায় ২২ বছরের ক্যারিয়ারে বিশ্বকাপসহ কত কত অর্জন। শুধু এই চ্যাম্পিয়নস লিগ ট্রফিটাই এখনো অধরা কিংবদন্তি ইতালিয়ান গোলরক্ষকের কাছে। বুফন ভালো করেই জানেন, তাঁর ক্যারিয়ারের এই আক্ষেপটা ঘোচানোর সেরা সুযোগ এবারই। আজ আক্ষেপ ঘুচবে তাঁর? বুফনের অবশ্য দারুণ আস্থা নিজের ও সতীর্থদের ওপর, ‘গত কয়েক মাসে রিয়াল অসাধারণ ফুটবল খেলছে। তবে আমরাও আমাদের সেরা ফর্মে আছি। এটাই যথেষ্ট মনে করি আমি।’
বুফনের আক্ষেপ ঘুচলে একটা নতুন ইতিহাস হবে জুভেন্টাসেরও। এরই মধ্যে টানা ষষ্ঠবারের মতো সিরি ‘আ’ আর টানা তৃতীয়বারের মতো ইতালিয়ান কাপ জিতেছে জুভেন্টাস। ‘ডাবল’ হয়ে গেছে, চ্যাম্পিয়নস লিগ জিতলে ক্লাব ইতিহাসে প্রথম ‘ট্রেবল’ও হয়ে যাবে।
এমন অর্জনের হাতছানি রিয়ালেরও আছে। জিদানের অধীনে পাঁচ বছর পর লা লিগার ট্রফি এসেছে সান্তিয়াগো বার্নাব্যুতে। আজ চ্যাম্পিয়নস লিগ জিতলে ৫৯ বছর পর ইউরোপিয়ান ‘ডাবল’ হবে ইউরোপের সফলতম ক্লাবটির।
কিন্তু সমস্যা হচ্ছে, রিয়ালের ‘ডাবল’ বা জুভেন্টাসের ‘ট্রেবল’ দুটিই একসঙ্গে হবে না। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল তো জিতবে যেকোনো একটা দল! এএফপি, রয়টার্স।