'ঢাকায় ১-০ বা ড্র চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেমা দর্জি
পেমা দর্জি

বাংলাদেশের বিপক্ষে আগে এতটা আত্মবিশ্বাসী দেখায়নি ভুটানকে। কিন্তু মালদ্বীপের কাছে পরশু ৫ গোলের লজ্জাসহ বাংলাদেশের ফুটবলের সম্প্রতি ভরাডুবি ভুটানকে উজ্জীবিত করেছে আলাদাভাবে। কাল ঢাকায় এসে বিকেলে উত্তরা আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে অনুশীলনের ফাঁকে হাবভাবে সেটাই বুঝিয়ে দিলেন ভুটানের কোচ পেমা দর্জি
 মালদ্বীপে বাংলাদেশ দল ৫-০ গোলে প্রীতি ম্যাচে হেরেছে। শুনেছেন নিশ্চয়ই?
পেমা দর্জি: শুনেছি। এটা আমাদের উজ্জীবিত করছে। তা ছাড়া খেলোয়াড় হিসেবে বাংলাদেশের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। জয়, কাঞ্চন...ওদের নাম মনে আছে। ওরা যখন খেলেছে বাংলাদেশ দলটা অনেক শক্তিশালী ছিল। আগের সেই বাংলাদেশ নেই সেটাও আমরা জানি।
 তাহলে তো ৬ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশের সঙ্গে এশিয়ান কাপের প্রথম প্লে-অফে আপনারা ভালো করার আশা করতেই পারেন। কী ভাবছেন ম্যাচটা নিয়ে?
পেমা: আমরা তো আশা নিয়েই এখানে এসেছি। আমাদের জাতীয় লিগ মাত্রই শেষ হয়েছে। খেলোয়াড়েরা খেলার মধ্যেই ছিল। তো আমরা আশা করছি মাঠে সেরাটা দিতে পারব।
 ভুটান আগে কখনো হারাতে পারেনি বাংলাদেশকে। নিশ্চয়ই মনের মধ্যে এটা সব সময় পীড়া দেয়?
পেমা: অতীত নিয়ে আসলে ভেবে লাভ নেই। আমরা বর্তমান নিয়েই ভাবতে চাই। তবে হ্যাঁ, একটু তো খারাপ লাগেই। মাঠে কেউ তো হারতে নামে না।
 সর্বশেষ গত ডিসেম্বরে কেরালা সাফে ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এটা কি মানসিকভাবে আপনাদের একটু পিছিয়ে রাখে না?
পেমা: কেরালায় আমরা কঠিন পরিস্থিতির মধ্যে ওই ম্যাচটা খেলেছি। আমাদের এক ডিফেন্ডার লাল কার্ড দেখায় শক্তি হারিয়ে ফেলি অনেকটা। এ কারণেই আসলে বাংলাদেশ সহজে জিতে নেয় ম্যাচটা।
 ভুটানের টারটনস এফসি ক্লাব গত ২৫ আগস্ট এএফসি কাপে শেখ রাসেলকে ৪-৩ গোলে হারিয়েছে। প্রথমার্ধেই তারা এগিয়ে যায় ৪-১ গোলে। ম্যাচটা দেখেছেন?
পেমা: ম্যাচটা আমি মাঠে বসে দেখেছি। টারটনসের বেশির ভাগই খেলোয়াড়ই জাতীয় দলের। ওরা ভালো খেলেছে। এটা আমাদের জন্য বাড়তি প্রেরণাই হয়েছে। তবে এও বলব, হারলেও শেখ রাসেল ভালো ফুটবল খেলেছে।
 আপনার দলের ফরোয়ার্ড চেনচোর নামটা ঢাকার ফুটবল মহলে বেশ আলোচিত। নিশ্চয়ই তাঁর কাছে বাড়তি কিছু চাইছেন গুরুত্বপূর্ণ এই ম্যাচে?
পেমা: ও দারুণ খেলোয়াড়। গত সাফে খুবই ভালো খেলেছে। আশা করি, এখানেও ভালো করবে। তবে আমরা এককভাবে কারও ওপর নির্ভর করি না। সম্মিলিত চেষ্টাই আমাদের মূলমন্ত্র।
 যদি প্রশ্ন করা হয় ঢাকায় স্কোরলাইনটা কেমন চান। কী বলবেন?
পেমা: ১-০ বা ড্র।
 ১-০ মানে আপনারা জিততে চান?
পেমা: হ্যাঁ, আমরা ১-০ গোলে জিতলে খুশি। ড্র হলেও অ্যাওয়ে ম্যাচ হিসেবে মনে করব ভালো ফল। আসলে প্রতিটি অ্যাওয়ে ম্যাচই কঠিন। সেটা সব দলের জন্যই। বাংলাদেশ তাদের ঘরের মাঠে নিজেদের দর্শকের সামনে খেলবে, এটা তাদের বাড়তি সুবিধা দেবে।
 ঢাকার মাঠ তো আপনার পরিচিতই। বেশি সমস্যা হওয়ার তো কথা নয়।
পেমা: সমস্যা না হলেই ভালো। গত সেপ্টেম্বরে এই দলের দায়িত্ব নিয়েছিলাম। জাতীয় দলের রক্ষণে ১৪ বছর খেলছি। অনেক সমস্যা পেরিয়ে এখন মানিয়ে নিতে পারি সবকিছুর সঙ্গেই।