
প্রযুক্তির এই সময়ে সবকিছুই হাতের নাগালে। সেদিক থেকে তাজিকিস্তান ফুটবল দল সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো জানারই কথা বাংলাদেশের। কিন্তু দল সম্পর্কে নাকি খুব বেশি কিছু জানা যায়নি!
অধিনায়ক মামুনুল ইসলাম তাই একটু চিন্তিতই, ‘ইউটিউবে তাজিকদের খুব বেশি ম্যাচ নেই। ওদের সম্পর্কে তাই হোমওয়ার্ক ভালো করতে পারিনি। আমরা যে যার মতো চেষ্টা করছি কিছু জানতে। সর্বশেষ জর্ডানের সঙ্গে ওদের ম্যাচটা দেখে বর্তমান দল সম্পর্কে ধারণা নিচ্ছি।’
তাজিকিস্তানের সঙ্গে বাংলাদেশ ছয়টি ম্যাচ খেলেছে। সেদিক থেকে চেনা প্রতিপক্ষ। কিন্তু গত পাঁচ বছরে দুই দল মুখোমুখি হয়নি। সপ্তম লড়াইটা হবে আগামীকাল বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে। বিশ্বকাপ বাছাইয়ের এ ম্যাচ খেলতে কাল সন্ধ্যায় ঢাকায় আসা দলটির শক্তি-সামর্থ্য কেমন, মাঝখানে পাঁচ বছর কতটা উন্নতি করেছে তা পুরোপুরি জানা নেই। এ ক্ষেত্রে বাফুফে এত দিন কী করল, সেই প্রশ্ন আসছেই।
তাজিকরা ক্লান্তির কথা বলে বিমানবন্দরে কথা বলতে রাজি হয়নি। তবে দলটির ম্যানেজার অনানুষ্ঠানিক আলাপে বলেছেন, জর্ডানের সঙ্গে ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচে দল ভালো খেলতে পারেননি। আশা তাই বাংলাদেশ থেকে তিনটি পয়েন্ট নিয়ে ফেরার।
দলটির জনা চারেক খেলোয়াড় চেক প্রজাতন্ত্রে খেলে। কিরগিজস্তানের বিদেশে খেলা খেলোয়াড়সংখ্যা যেখানে ছিল আট-নয়জন। কিরগিজদের সেই ‘ইউরোপিয়ান ফুটবলার’রা বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে ব্যবধানটা বুঝিয়ে গেছেন। বাফুফের টার্ফে অনুশীলনের পর কাল মামুনুল কাল তা মনে করিয়ে দিলেন, ‘আসলে ফুটবল এডুকেশনটা জরুরি। আমাদের বিদেশি লিগে খেলার সুযোগ করে দিলে ভালো হয়।’
বিদেশি লিগে খেলতে ফুটবলাররা নিজেদের সেভাবে তৈরি করছেন কি না, এই প্রশ্ন আছে অনেকের মনেই। মামুনুল সব প্রশ্ন উড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ের মতো প্রতিযোগিতার আয়নায় নিজেদের দেখতে চান এভাবে, ‘আমাদের বাস্তবতা বুঝতে হবে। ইউরোপে খেলা জরুরি। ১১ মাস আন্তর্জাতিক ম্যাচ না খেলায় কিরগিজরা আমাদের চেয়েও ১১ র্যাঙ্কিং নিচে নেমেছে। কিন্তু তাদের শক্তি কমেনি। স্কিল, টেকনিক, ফিজিক সব দিক দিয়েই ওরা এগিয়ে।’
তবে গত আট-দশটি ম্যাচে বাংলাদেশ দল ৯০ মিনিট ভালো খেলছে, এমন দাবি তাঁর। নিজেদের ভুলে গোল হজম করা ছাড়া খেলার আর ত্রুটি দেখছেন না, ‘আগে আমরা ডিফেন্ড করতাম গোল না খেতে, এখন অ্যাটাকিং খেলি গোল করার জন্য।’
বাস্তবতা হলো, বাংলাদেশ দলের আক্রমণভাগই সবচেয়ে দুর্বল।