'তিন মোড়লে' গরিবরা আরও গরিব!
আইসিসির পূর্ণ সদস্য নয় এমন ৯৫টি দেশের ৫০টিই গত বছরের চেয়ে এবার কম সহায়তা পেয়েছে। গত বছর আইসিসির টার্গেট অ্যাসিস্ট্যান্স পারফরম্যান্স প্রোগ্রাম বাতিল করা হয়। এর ফলেই এমন বৈষম্য
কত আশা! কত প্রতিশ্রুতি! প্রতিটি সদস্যদেশই আর্থিকভাবে লাভবান হবে—এমন প্রতিশ্রুতি দিয়েই গত বছর আইসিসির গঠনতন্ত্র সংশোধন করে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল ক্রিকেটের প্রধান তিন দেশ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে। কিন্তু প্রতিশ্রুতি পূরণ হলো কই! ‘তিন মোড়ল’ নীতির প্রায় এক বছর পর বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, সদস্যদেশগুলোর মধ্যে যারা গরিব ছিল, তারা আরও গরিবই হচ্ছে।
ইএসপিএনক্রিকইনফোর কাছে প্রকাশিত আইসিসির সহযোগী ও নতুন সদস্যদেশগুলোর প্রাপ্ত অর্থের বিশ্লেষণে দেখা গেছে, আইসিসির পূর্ণ সদস্য নয় এমন ৯৫টি দেশের ৫০টিই গত বছরের চেয়ে এবার কম সহায়তা পেয়েছে।
গত বছর আইসিসির টার্গেট অ্যাসিস্ট্যান্স পারফরম্যান্স প্রোগ্রাম (টিএপিপি) বাতিল করা হয়। এর ফলেই এমন বৈষম্য দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্প বন্ধ হওয়ার কারণে স্কটল্যান্ড, হল্যান্ড, কেনিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর আর্থিক ক্ষতি হচ্ছে। অবশ্য লাভবানও হচ্ছে কেউ কেউ। চীন, হংকং, পাপুয়া নিউগিনি ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর বার্ষিক তহবিল বরাদ্দ ১ লাখ ডলার করে বেড়ে যাচ্ছে।
তবে এই টিএপিপি বন্ধ হওয়ায় সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়ছে আইসিসির ওয়ানডে র্যা ঙ্কিংয়ে ৩৫ থেকে ৪০-এ থাকা দেশগুলো। তারা যে টুর্নামেন্টে খেলত সেই ওয়ার্ল্ড ক্রিকেট লিগের ডিভিশন সিক্স বাতিল করে দেওয়া হয়েছে। এতে আইসিসির সহযোগী সদস্যদেশগুলোর অস্তিত্বই হুমকির মুখে পড়ে গেছে। সহযোগী এক দেশের প্রতিনিধি ক্রিকইনফোকে বলেছেন, ‘এ অবস্থা চলতে থাকলে ছোট দেশগুলো মারা পড়বে। কেউ টিকবে কি না আমি জানি না।’ অন্য একজন আইসিসির বর্তমান পদ্ধতিকে ‘কঠোর’ আখ্যা দিয়ে বলেছেন, ‘এটি বিশ্বে খেলাটিকে সবচেয়ে জনপ্রিয় করার লক্ষ্যের সম্পূর্ণ বিপরীত।’
গত বছর গঠনতন্ত্র সংশোধন করার সময় আইসিসির পরিকল্পনা ছিল, সহযোগী ও নতুন সদস্যদেশগুলোকে ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত ৮ বছরে মোট ২৯৯ মিলিয়ন ডলার দেবে। অথচ তিন মোড়ল নীতির আগে এই আট বছরে দেশগুলোর অর্থ সহায়তা হিসেবে পাওয়ার কথা ছিল ৫৭৫ মিলিয়ন ডলার। অর্থের অঙ্ক কমে যাওয়ায় আগে থেকেই একটা অসন্তোষ ছিল। এখন যোগ হয়েছে সংশয়—তিন মোড়ল নীতিতে যে ২২৯ মিলিয়ন ডলার পাওয়ার কথা ছিল, সেটিও আদৌ পাবে কি না!
অবশ্য প্রায় অর্ধেকেরও বেশি সহযোগী ও নতুন সদস্যদেশের অর্থ বরাদ্দ কমলেও অনেকের আবার বেড়েছেও। সহযোগী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করা আফগানিস্তান ও আয়ারল্যান্ডের জন্য তহবিল বরাদ্দ বছরে ১৭ লাখ থেকে বেড়ে হয়েছে প্রায় ৩০ লাখ ডলার। তবে অন্য সহযোগী ও নতুন সদস্যদেশগুলো এতে ভাবছে, সহযোগী সদস্যদের জন্য বরাদ্দ করা সম্মিলিত তহবিল থেকেই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের ওই অর্থ আসছে। অথচ এই অর্থ অন্য কোনো তহবিল থেকে আসা উচিত ছিল বলে মনে করছে তারা। তবে ক্রিকেট আয়ারল্যান্ডও অন্য সহযোগীদের ক্ষতিগ্রস্ত করে বেশি অর্থ পেতে রাজি নয়।
আয়ারল্যান্ড ও আফগানিস্তানের অর্থ সাহায্য বাড়লেও সেটি পূর্ণ সদস্যদেশগুলোর তুলনায় অনেক কম। পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে থাকা জিম্বাবুয়ে ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে পাবে ৭৫ মিলিয়ন ডলার, সেখানে আয়ারল্যান্ড ও আফগানিস্তান পাবে মাত্র ২০ মিলিয়ন। তথ্যসূত্র: ক্রিকইনফো।