'তিনজনই আরও উন্নতি করতে পারি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠের খেলায় দুই দলের মধ্যে বড় ব্যবধান হয়ে ওঠেন তিনি। বল পায়ে সম্মোহনী দৌড়, ডিফেন্সচেরা পাস আর জাদুকরি সব গোল—লিওনেল মেসি নিজেকে আলাদা করে চেনান প্রায় প্রতিটি ম্যাচেই। গত মৌসুমে নেইমার-সুয়ারেজের সঙ্গে মিলে বার্সেলোনাকে জিতিয়েছেন ত্রিমুকুট, উপহার দিয়েছেন হিরণ্ময় অনেক ফুটবল-মুহূর্ত। আরেকটি নতুন মৌসুম শুরুর আগে ব্যক্তিগত স্পনসর অ্যাডিডাসকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক কথা বলেছেন নেইমার-সুয়ারেজের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন এবং বার্সার সাবেক ও বর্তমান কজন সতীর্থকে নিয়ে। কথা বলেছেন মুখোমুখি হওয়া সবচেয়ে ভয়ংকর প্রতিপক্ষ নিয়েও—
লিওনেল মেসি
লিওনেল মেসি

* এ পর্যন্ত মুখোমুখি হয়েছেন এমন প্রতিপক্ষের মধ্যে সবচেয়ে কঠিন কে?
লিওনেল মেসি: বাহ্, বেশ কঠিন প্রশ্ন! আমি কাউকে আলাদা করতে চাই না, তবে আমি খুশি যে এরা বেশির ভাগই বার্সেলোনায় খেলে। শুধু আন্তর্জাতিক ম্যাচগুলোতেই এদের মুখোমুখি হই। নেইমার, সুয়ারেজ, ইনিয়েস্তা, জাভিদের বিপক্ষে খেলেছি এবং এরা সবাই ভয়ংকর। সঙ্গে ক্রিস্টিয়ানো, রোবেন, রিবেরি, ইব্রাহিমোভিচ, কুন (সার্জিও আগুয়েরো)—ওরা তো আছেই। আলাদা করে কারও কথা বলতে পারছি না।
* বার্সেলোনায় অনুশীলনে সবার সেরা কে?
মেসি: অসম্ভব! এটা বলা কঠিন। জাভি-ইনিয়েস্তার মতো খেলোয়াড়েরা কত দিন ধরে ক্লাবের মূল অংশ হয়ে আছে! এখনো ওরা শতভাগ দিয়েই অনুশীলন করে। অনুশীলনে সেরাদের কাতারেই ওরা। ক্লাবের অধিনায়ক ও সহ-অধিনায়ক হিসেবেও বাকিদের অনুপ্রাণিত করে এবং সামনে থেকে নেতৃত্ব দেয়। সবচেয়ে অলস? কেউ না। বার্সেলোনার অনুশীলনে আপনি অলস থাকতে পারবেন না।
* বার্সেলোনায় অন্য যাঁদের সঙ্গে খেলেছেন, তাঁদের পাশে সুয়ারেজ-নেইমারের সঙ্গে আপনার সমন্বয়কে কীভাবে মূল্যায়ন করবেন?
মেসি: আমি ভাগ্যবান। গত কয়েক বছরে চমৎকার কিছু খেলোয়াড়ের সঙ্গে খেলেছি। রোনালদিনহোর সঙ্গে খুব ভালো সমন্বয় ছিল আমার। স্যামুয়েল ইতো-থিয়েরি অঁরির সঙ্গে খেলেছি, পেদ্রো-ডেভিড ভিয়া-অ্যালেক্সিসের সঙ্গেও। সবাই ভিন্ন ধরনে একসঙ্গে খেলেছি, তবে প্রত্যেকেরই অসাধারণ প্রতিভা ছিল। আর ফরোয়ার্ডরাই সবচেয়ে বেশি গোলে সহায়তা করেছে এমন তো নয়—দানি আলভেসকে দেখুন! ও আমার জন্য অনেক সুযোগ তৈরি করে দেয়। তুলনা করা দুঃসাধ্য। তবে নেইমার-সুয়ারেজের সঙ্গে গড়ে ওঠা সমন্বয়কে টপকানো কঠিনই।
* আপনি একসঙ্গে খেলেছেন তার মধ্যে এটাই কি সবচেয়ে পরিপূর্ণ আক্রমণভাগ?
মেসি: ওরা দুজনই তাদের খেলার চূড়ায় আছে। তিনজন একসঙ্গে মাত্র একটি মৌসুমই খেলেছি। আক্রমণের ত্রিফলা হয়ে উঠতে আরও কাজ করতে হবে এবং তিনজনই একসঙ্গে আরও উন্নতি করতে পারি। কিন্তু পুরোটাই আমার কাছে দলীয় সমন্বয়। যদি সবাই সেরাটা খেলতে পারি, একে অন্যকে সাহায্য করতে পারি এবং পরস্পরের সেরাটা বের করে আনতে পারি, সেটা বার্সেলোনার জন্যই ভালো। আগেই বলেছি নেইমারের যে বৈশিষ্ট্য, টাচ এবং ফিটনেস আছে, তাতে ও বিশ্বসেরা হতে পারবে। সুয়ারেজও তাই। ওর টাচ, দূরদৃষ্টি, জায়গা নেওয়া, সহজাত দক্ষতা—অবিশ্বাস্য। আমরা প্রত্যেকেই আলাদা, কিন্তু একে অপরকে আরও ভালো করে তুলি। গোলডটকম।