'তোকে মিস করছি ভীষণ'

কে বলে চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়ে যায়। ব্রাজিলের টিভি চ্যানেল এসবিটির একটা অনুষ্ঠান ‘সিক্রেট সান্টা’। বড়দিন এসে গেছে। সে উপলক্ষেই অনুষ্ঠানটা। যেখানে মেসি, নেইমার, পিকে, সুয়ারেজ, কুতিনহোরা একে অন্যকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন। সেখানেই নেইমারকে মেসির বার্তা। মেসির ছোট্ট একটা বার্তা, তার পুরোটাই ভালোবাসায় পূর্ণ।
বার্সেলোনা ছেড়ে এই মৌসুমে পিএসজিতে চলে গেছেন নেইমার। তবে বার্সেলোনায় চার বছরে মেসির সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের যে দুর্দান্ত বন্ধুত্ব গড়ে উঠেছে, সেটিই আরেকবার বোঝা গেল এ অনুষ্ঠানে। কী বলেছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড? ‘নেই (নেইমার), তুমি চলে যাওয়ার পর থেকে আমরা সবকিছু নিয়েই তো নিজেদের মধ্যে কথা বলেছি। তবে সত্যি বলতে, বার্সেলোনায় তোমাকে আমরা এখনো অনেক মিস করি। সকালে ড্রেসিংরুমে গিয়ে সুয়ারেজকে সঙ্গে নিয়ে মাতে (দক্ষিণ আমেরিকান গরম পানীয়) খাওয়া বা অন্য যা কিছু আমরা একসঙ্গে করতাম, সবকিছু যদি এখনো আগের মতো করতে পারতাম! যা-ই হোক, যেখানেই যাও, সব সময় সেরাটাই তোমার জন্য চাইব আমি। আমি নিশ্চিত, মাঠে হোক বা মাঠের বাইরে, শিগগিরই আমাদের আবার দেখা হবে। নিজের যত্ন নিয়ো।’
‘সিক্রেট সান্টা’র নিয়ম মেনে নেইমারকে উপহারও পাঠিয়েছেন মেসি। সেটি কী, তা অবশ্য ভিডিওতে বোঝা যায়নি। তবে নেইমারও ফিরতি বার্তা দিয়েছেন মেসিকে। সেটি এই, ‘ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। আমার কাছে তুমি সব সময়ই একজন আইডল। অনেক ভালো একজন বন্ধুও। তোমাকে উষ্ণ আলিঙ্গন, ক্রাকে (ব্রাজিলিয়ান আঞ্চলিক শব্দ, কাউকে সেরা বোঝাতে ব্যবহৃত হয়)।’