আজ ভিসেন্তে ক্যালদেরনে লাল-হলুদ পতাকা যখন পতপত করে উড়তে থাকবে, সেটাই আজ বার্সেলোনার জন্য হবে বড় অনুপ্রেরণা।
কোপা ডেল রের ফাইনালে আজ মুখোমুখি বার্সেলোনা-সেভিয়া। তবে খেলা ছাপিয়ে পতাকা-বিতর্কে এখনো তোলপাড় স্পেন। মাঠে আজ বার্সা-সেভিয়া খেলবে, আর মাঠের বাইরের অদৃশ্য লড়াই চলবে কাতালুনিয়া-মাদ্রিদের মধ্যে।
শুরুটা হয়েছে কয়েক দিন আগে। মাদ্রিদের নগর কর্তৃপক্ষ বার্সেলোনাকে হঠাৎই জানিয়ে দিল, কোপা ডেল রের ফাইনালে অ্যাটলেটিকোর মাঠে কাতালুনিয়ার পতাকা ‘এস্তেলাদা’ নিয়ে ঢোকা যাবে না। সেটি নাকি দর্শকদের মধ্যে সহিংসতা উসকে দিতে পারে, দুই দলের মধ্যে ছড়াতে পারে ঘৃণা। এমন রায়ের পর বার্সেলোনার প্রতিক্রিয়া হলো আগুনে ঘি ঢেলে দেওয়ার মতোই। এমনিতে কাতালুনিয়ার স্বাধীনতার প্রশ্নে মাদ্রিদের সঙ্গে চাপান-উতোর চলছে অনেক দিন থেকে। বার্সার মেয়র ও কাতালুনিয়ার স্বাধীনতাকামী সরকারের প্রধান জানালেন, তাঁরা এই ম্যাচ বর্জন করবেন।
পরশু আরেকটা অভিনব সিদ্ধান্ত নিল কাতালান জাতীয় সংসদ। পতাকা-নিষেধাজ্ঞার প্রতিবাদে বার্সেলোনার সমর্থকদের ১০ হাজার স্কটিশ পতাকা দেওয়া হবে। শেষ পর্যন্ত সেই কাজটা আর করতে হচ্ছে না। কালই স্প্যানিশ আদালত জানিয়েছেন, পতাকার ওপর নিষেধাজ্ঞা বেআইনি। এটা কোনোভাবে সহিংসতা, বর্ণবৈষম্য, জাতিবিদ্বেষ ছড়াবে না। ‘এস্তেলাদা’ নিয়ে মাঠে ঢুকতে তাই বাধা নেই। এদিকে আর পাঁচ সপ্তাহ পরেই স্পেনে সাধারণ নির্বাচন। ক্ষমতাসীন পপুলার পার্টি বলছে তারা স্প্যানিশ অখণ্ডতা যে করেই হোক রক্ষা করবে। পতাকা নিয়ে বিতর্ক এখন রাজনীতির দাবার বোর্ডের ছকও কি উল্টে দেবে?
সেই উত্তর সময় হলেই মিলবে। তবে এত কিছুর মধ্যে মাঠের খেলাটা একটু চাপা পড়ে যাচ্ছে। এক দিক দিয়ে ম্যাচটা চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। গত সপ্তাহেই লা লিগা জিতেছে বার্সেলোনা, সেভিয়ার হ্যাটট্রিক ইউরোপা লিগ জয়ের স্মৃতি তো আরও টাটকা। ২০০৬ সালের পর ইউরোপিয়ান ফুটবলে এই দুই দলের চেয়ে বেশি শিরোপা জেতেনি আর কেউ। এই মৌসুমে লিগে দুই দলই একে অন্যকে হারিয়েছে। দুটি ম্যাচেরই ফল ২-১, তবে এর আগের লড়াইটাই বেশি রোমাঞ্চ ছড়িয়েছিল। উয়েফা সুপার লিগে সেভিয়ার সঙ্গে বার্সার ৫-৪ গোলের ম্যাচটা তো অনেক দিন মনে রাখার মতোই হয়েছিল।
আজ কি ক্যালদেরনে সেই রোমাঞ্চ ফিরে আসবে?