'ত্রয়োদশ ব্যক্তি' ফিল হিউজ

না থেকেও যেন অ্যাডিলেডে থাকবেন ফিল হিউজ। সদ্য প্রয়াত এই অস্ট্রেলীয় ক্রিকেটারের স্মৃতি আঁকড়েই কাল ভারতের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। গত ২৭ নভেম্বর পৃথিবী ছেড়ে অজানার উদ্দেশে পাড়ি দেওয়া সতীর্থকে যেন সঙ্গে নিয়েই মাঠে নামবেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা। তাঁর স্মৃতিতে উসকে দেওয়া বিভিন্ন আয়োজন তো কাল থাকছেই, অ্যাডিলেড টেস্টের অস্ট্রেলিয়া দলটিও ঘোষিত হচ্ছে হিউজের নাম উল্লেখ করেই। ভারতের বিপক্ষে কাল অস্ট্রেলিয়ার ‘ত্রয়োদশ-ব্যক্তি’র মর্যাদা পাচ্ছেন ক্রিকেট মাঠে দুঃসহ মৃত্যুকে আলিঙ্গন করা ২৫ বর্ষীয় এই ক্রিকেটার।
হিউজকে ত্রয়োদশ ব্যক্তি হিসেবে দলে রাখার কথা জানিয়েছে অস্ট্রেলীয় পেসার মিচেল জনসন। টেস্ট শুরুর আগের দিন আজ সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে জনসন বলেন, ‘অ্যাডিলেড টেস্টে হিউজ আমাদের সঙ্গেই থাকবে। আমরা গর্বের সঙ্গেই তাকে ত্রয়োদশ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়ে মাঠে নামব।’
হিউজকে ত্রয়োদশ ব্যক্তি হিসেবে দলে রাখার ঘোষণা দেওয়ার পাশাপাশি জনসন শুনিয়েছেন এক সুখবরই। কাল ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মাইকেল ক্লার্কই। সোমবার ফিটনেস টেস্টে নাকি বেশ ভালোভাবেই উৎরে গেছেন অস্ট্রেলীয় অধিনায়ক। হিউজের শোকে বিধ্বস্ত অস্ট্রেলীয় দলকে উজ্জীবিত করতে মাইকেল ক্লার্কের অধিনায়কত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেছেন জনসন। সূত্র: এএফপি।