'দাদা'র দলে মামুনুল
এ বছর আইএফএ শিল্ডে তাঁর খেলা দেখে মুগ্ধ হয়েছিল ভারতীয়রা। এর পর থেকেই ভারতের ঘরোয়া ফুটবল ক্লাবগুলো থেকে প্রস্তাব পেতে শুরু করেন মামুনুল ইসলাম। জাতীয় দলের অধিনায়ক এবার প্রস্তাব পেয়েছেন ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দল অ্যাটলেটিকো ডি কলকাতা থেকে। ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর ফ্র্যাঞ্চাইজি কলকাতায় খেলার ব্যাপারটা কাল নিজেই নিশ্চিত করেছেন শেখ জামাল ধানমণ্ডির মিডফিল্ডার।
বাঙালি মালিকের দলে একজন বাঙালি ফুটবলারকে রাখার তাগিদ থেকেই একজন ভালো মানের বাঙালি ফুটবলার খোঁজ করছিলেন সৌরভ। দুই দুইয়ে চার মিলতেই দারুণ খুশি মামুনুল, ‘ওরা আমার খেলা আইএফএ শিল্ডে দেখেছে। এরপরই আমার সঙ্গে যোগাযোগ করেছিল। ওদের একজন বাঙালি খেলোয়াড় খুবই দরকার। আমিও ক্লাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলে খুশি।’
আইএসএলের সবচেয়ে ধনী ক্লাব কলকাতা। সৌরভের সঙ্গে মালিকানায় আছেন শিল্পপতি হর্ষবর্ধন নিওতিয়া, সঞ্জীব গোয়েঙ্কা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। মামুনুলের সঙ্গেও নিশ্চয়ই বড় অঙ্কের চুক্তিই হতে যাচ্ছে। তবে অঙ্কটা এখনই বলতে চাননি মামুনুল, শুধু বললেন, ‘কত টাকায় চুক্তি করেছি সেটা বড় কথা নয়। ভারতের লিগে খেলার সুযোগ পেয়েছি, এটাই আমার কাছে অনেক সম্মানের।’ সৌরভ গাঙ্গুলীর সঙ্গে এখনো কোনো কথা হয়নি, তবে জানালেন, ‘শিগগিরই দাদার সঙ্গে কথা হবে। দু-এক দিনের মধ্যেই হয়তো আমাদের চুক্তি হয়ে যাবে।’
আইএসএলের খেলা শুরু ১২ অক্টোবর। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। কলকাতার প্রথম ম্যাচটি হবে সল্টলেক স্টেডিয়ামে। কাগজে-কলমে এখনো শেখ জামাল ধানমন্ডির খেলোয়াড় মামুনুল। কিন্তু ক্লাব সভাপতি মনজুর কাদের তিন মাসের ধারে তাঁকে ছাড়তে রাজি হওয়ায় শেষ পর্যন্ত খেলতে পারছেন ভারতের এই লিগে।
কাজী সালাউদ্দিন, মোনেম মুন্নাদের মতো বিদেশি লিগে খেলতে পারবেন ভেবে উচ্ছ্বসিত মামুনুল, ‘বিদেশি লিগে খেলা আমার অনেক দিনের স্বপ্ন। সব খেলোয়াড়েরই এমন স্বপ্ন থাকে। বাংলাদেশের খেলোয়াড় হয়ে কলকাতায় খেলব, ভাবতেই ভালো লাগছে। আমাদের ফুটবলারদের সম্পর্কে একটা ইতিবাচক ধারণা আছে ভারতীয়দের। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।’