'দুঃখিত' রোনালদো এমন রেকর্ড চাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাতটা কতটা হতাশার, রোনালদোর অভিব্যক্তিতেই সেটা বোঝা যাচ্ছে। ছবি: এএফপি।
রাতটা কতটা হতাশার, রোনালদোর অভিব্যক্তিতেই সেটা বোঝা যাচ্ছে। ছবি: এএফপি।

একটা ম্যাচে বোধ হয় গোল করার জন্য এর চেয়ে বেশি সুযোগ আর পেতে পারতেন না। শট বাইরে মেরেছেন, অস্ট্রিয়া গোলরক্ষক অতিমানব হয়ে উঠেছেন, পরে তো নিজেই পেনাল্টি আদায় করে আক্ষেপ ঘোচানোর সুযোগ পেয়েছেন। কিন্তু সেটাও কাজে লাগাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। অথচ রেকর্ড গড়ার ম্যাচে মঞ্চটা তো তাঁর জন্যই সাজানো ছিল!
সেই রেকর্ড অবশ্য মাঠে নামার আগেই হয়ে গেছে। প্রথম একাদশ ঘোষণার পরেই নিশ্চিত হয়ে গেছে, পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা রোনালদোর একেবারেই নিজের। আগের রেকর্ড ছিল লুইস ফিগোর (১২৭টি ম্যাচ)। ফিগোও কাল ছিলেন মাঠে, কিন্তু পূর্বসূরির রেকর্ড গড়ার উদ্‌যাপনটা দেখতে পারেননি। গোল-ভাগ্যে যে কাল একরকম বঞ্চিতই ছিলেন রোনালদো!
রোনালদোকে ম্যাচ শেষে রেকর্ডের কথা মনে করিয়ে দিতেই দুঃখটা যেন আরও বেশি করে বাজল তাঁর মধ্যে, ‘অবশ্যই গোল করতে পারলে তা হতো সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা খেলোয়াড়ের। দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতারও। কিন্তু আমি খুবই দুঃখিত, কারণ আমি এভাবে রেকর্ডটা গড়তে চাইনি। সবচেয়ে ভালো হতো আসলে...’ এটুকু বলে নিজের মাথা ঝাঁকালেন। বাকিটা আসলে বলা না দিলেও চলে!
গোলশূন্য ড্র করার আক্ষেপও রোনালদোকে কুরে কুরে খাচ্ছে, ‘অবশ্যই আমরা এমন কিছু চাইনি। অনেক সুযোগ পেয়েছিলাম, কিন্তু কাজে লাগাতে পারিনি। আমি নিজেও পেনাল্টি কাজে লাগাতে পারিনি। সুযোগ আরও পেয়েছিলাম। কিন্তু এটাই ফুটবল। নিজেদের ওপর আমাদের বিশ্বাস হারানো চলবে না।’
শেষ ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ হাঙ্গেরি। রোনালদোর নিজের জন্য তো বটেই, পর্তুগালের জন্যও ওই ম্যাচে জ্বলে ওঠা খুব করেই দরকার। সূত্র : এএফপি।