'দুর্দান্ত' ব্যাকভলিতে আত্মঘাতী গোল!

যে কোনো হিসেবেই দুর্দান্ত এক গোল। নিজেকে শূন্যে ভাসিয়ে নিলেন ব্যাকভলি। মাথার ওপর দিয়ে মারা সে বল গোলকিপারকে ফাঁকি দিয়ে চলে গেল জালে—গো-ও-ও-ল! কিন্তু গোল করেই মাথায় হাত গোলদাতার! বল যে নিজেদের জালেই পাঠিয়েছেন। দৃষ্টি-নন্দন এক গোল করেও মাথা চাপড়াতে হলো আদ্রিয়েন গালফোকে।
সুইজারল্যান্ডে কাপের সেমিফাইনালে ঘটেছে এ ঘটনা। এফসি রেনেন্সের বিপক্ষে খেলছিল গালফোর দল পুলি। ম্যাচে তখন পুলি পিছিয়ে ২-১ গোলে। এমন সময় আক্রমণে উঠল রেনেন্স। রক্ষণে নেমে আসা গালফো দলকে বাঁচাতে শূন্যে ওঠা এক বলে ব্যাকভলি নিলেন। মাঝমাঠে বল পাঠানোই ছিল তাঁর উদ্দেশ্য। কিন্তু বুটের কোনায় লেগে সে বল দিক পাল্টে চলে গেল নিজেদের গোলের দিকে। বল ধরার জন্য গোলকিপার ছিলেন পোস্টের বাম দিকে। আর বল চলে যায় পোস্টের ডানদিক দিয়ে। এই আত্মঘাতী গোলে ৩-১ গোলে এগিয়ে যায় রেনেন্স।
এমন আত্মঘাতী গোলে উসকে দিয়েছে এক বিতর্কও। কারও চোখে এটিই ইতিহাসের ‘সেরা’ আত্মঘাতী গোল, কারও চোখে সবচেয়ে বাজে! তবে এমন ধাক্কাটা ঠিকই সামলে নিয়েছে পুলি। ম্যাচে ৩-৩ সমতা ফিরিয়ে টাইব্রেকারে জিতে (৪-৩) ফাইনালে উঠে গেছে তারা। সূত্র: দ্য গার্ডিয়ান।
‘দুর্দান্ত’ সেই আত্মঘাতী গোল দেখতে চাইলে...