'দেখে মনে হচ্ছিল রেফারি মাজিয়ার জার্সি পরে দৌড়াচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ শেষে রেফারিকেই দুষলেন আবাহনী কোচ দ্রাগো মামিচ। ছবি: শামসুল হক।
ম্যাচ শেষে রেফারিকেই দুষলেন আবাহনী কোচ দ্রাগো মামিচ। ছবি: শামসুল হক।

ঘরের মাঠে এএফসি কাপের প্রথম ম্যাচ। তাতে ভালো খেলেও শেষ পর্যন্ত মালদ্বীপের চ্যাম্পিয়ন ক্লাব মাজিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে আবাহনী। এতে নিজেদের রক্ষণ ও আক্রমণভাগের অদক্ষতাকেই কারণ হিসেবে দেখছেন আবাহনী কোচ দ্রাগো মামিচ, কম দেখছেন না পাশাপাশি রেফারির দায়ও। এমনই যে, সংবাদ সম্মেলনে বলেও বসলেন, একটা পর্যায়ে মনে হচ্ছিল রেফারি মাজিয়ার জার্সি গায়ে দৌড়াচ্ছে!

ম্যাচের ৫ মিনিটে মোহাম্মদ উমাইরের গোলের পর ৮৬ মিনিটে প্রতি আক্রমণে আবদুল্লাহ আসাদউল্লাহর গোলে হেরেছে আবাহনী। দুটি গোলই আবাহনী খেয়েছে নিজেদের রক্ষণের ভুলে। প্রথম গোলটিতে দায় অধিনায়ক মামুন মিয়ার ভুল পাসের, দ্বিতীয়টিতে ইয়ামিনের ভুল পাসের পর ডিফেন্ডার রায়হান হাসানের ভুল। সংবাদ সম্মেলনে তাই আবাহনী কোচের অসহায় স্বীকারোক্তি, ‘দুটি ভুল পাস থেকেই দুটি গোল খেলাম আমরা।’
তবে হারের পেছনে রেফারির দায়ও দেখছেন দ্রাগো মামিচ। তাঁর চোখে, ম্যাচে স্ট্রাইকার এমেকা ডার্লিংটনকে মাজিয়ার খেলোয়াড়েরা একের পর এক ফাউল করে গেলেও বাঁশি বাজাননি রেফারি, ‘ওরা আমাদের স্ট্রাইকারকে পেছন থেকে বারবার ধাক্কা দিচ্ছিল। কিন্তু রেফারি ওদের গোলপোস্টের ২০ গজের মধ্যে আমাদের একটি ফ্রি-কিকও দেয়নি। কিন্তু প্রতিপক্ষ কোচ সারাক্ষণ চিৎকার করে যাওয়ার পর রেফারি ওদের পক্ষেই বেশি বাঁশি বাজালেন। মাঝে মাঝে তো মনে হচ্ছিল, রেফারি মাজিয়ার জার্সি পরেই খেলছেন!’
তা রেফারির দায় থাকুক বা না থাকুক, ম্যাচে খুব বেশি করে চোখে লেগেছে আক্রমণ ও রক্ষণ—মাঠের দুই প্রান্তেই আবাহনীর দুর্বলতা। বলের দখল ম্যাচ জুড়েই আবাহনীর কাছে বেশি ছিল, কিন্তু ঠিকমতো একটা ক্রসও হলো না। হলো না মধ্যমাঠ জুড়ে আক্রমণও। এ জন্য মালদ্বীপ জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়সমৃদ্ধ মাজিয়ার রক্ষণের প্রশংসা করছেন দ্রাগো মামিচ, কিন্তু নিজের খেলোয়াড়দের দুর্বলতা নিয়েও ঝরল হতাশা, ‘ওদের ডিফেন্সে লম্বা দুজন খেলোয়াড় ছিল। এ জন্য আমাদের খেলোয়াড়দের বলছিলাম বারবার প্রথম পোস্টে ক্রস করতে। এমেকাও ফার্স্ট পোস্টেই যেতে বলেছিলাম। এমেকা তা করেছেও। কিন্তু উইঙ্গারদের ক্রসগুলো গেল সেই সেকেন্ড পোস্টেই।’
হতাশ তিনি পরপর দুই টুর্নামেন্টে দুটি ভিন্ন দল নিয়ে খেলতে হওয়া নিয়েও, ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে এক দল নিয়ে খেললাম। এই টুর্নামেন্টে আবার ভিন্ন দল। সাত দিন আগেও এই দলটা এলোমেলো অবস্থায় ছিল। সেখান থেকে এভাবে আধিপত্য নিয়ে খেলব, এটাও ভাবিনি। কিন্তু শেষ পর্যন্ত রক্ষণের ভুলই আমাদের ডোবাল।’