'দ্য স্করপিয়ন কিং' মেখিতারিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেনরিক মেখিতারিয়ানের সেই ব্যাক হিল l রয়টার্স
হেনরিক মেখিতারিয়ানের সেই ব্যাক হিল l রয়টার্স

ডোয়াইন জনসন একটু মনঃক্ষুণ্ন হতেই পারেন। এই হলিউড অভিনেতা ও রেসলারকে ‘দ্য রক’ নামেই মানুষ বেশি চেনে। তাঁর মনঃক্ষুণ্ন হওয়ার কথা আসছে, কারণ তাঁর ‘স্করপিয়ন কিং’ উপাধিটা নিয়ে টানাটানি শুরু হয়েছে। অবশ্য রুপালি পর্দায় নয়, পরশু নতুন এই স্করপিয়নের দেখা মিলল ফুটবল মাঠে। নাম হেনরিক মেখিতারিয়ান। সান্ডারল্যান্ডের বিপক্ষে পরশু ৩-১ গোলে জয়ের ম্যাচে দলের শেষ গোলটিই ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডারকে এনে দিচ্ছে উপাধি।
ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের তখন ৮৬ মিনিট। দুই অর্ধে ডেলি ব্লিন্ড ও ইব্রাহিমোভিচের গোলে এগিয়ে ইউনাইটেড। তখনই মেখিতারিয়ান চমক! ডান দিক থেকে ইব্রাহিমোভিচের ক্রসটা এল বক্সে দৌড়াতে থাকা মেখিতারিয়ানের পেছনে। বলে পা ছোঁয়ানোর অন্য কোনো উপায় ছিল না, মেখিতারিয়ান তাই বেছে নিলেন সবচেয়ে চমক-জাগানিয়া পদ্ধতিটিই। বাঁ পায়ে শরীরের ভর দিয়ে ‘বিচ্ছু’র লেজের মতো ভঙ্গিতে ডান পা উঠিয়ে দিলেন পেছনে। ব্যাক হিল! বল ঠিকানা খুঁজে নিল জালে।
নিঃসন্দেহে চোখজুড়ানো গোল। তবে একটু খুঁতও থেকে যাচ্ছে—মেখিতারিয়ান ছিলেন অফসাইড! যা রেফারির চোখে পড়েনি। আর্মেনিয়ান মিডফিল্ডার অবশ্য এসব নিয়ে ভাবছেনই না, তাঁর কাছে বরং গোলটি ক্যারিয়ার-সেরা, ‘আশা করেছিলাম বলটা আমার সামনে পড়বে। বলে পা ছোঁয়ানোর একমাত্র উপায়ই ছিল ব্যাক-হিল করা। এটা আমার ক্যারিয়ারের সেরা গোল।’
ইউনাইটেডের মতো বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটিও। হাল সিটিকে হারিয়েছে ৩-০ গোলে। তবে জয়ের ব্যবধানও তৃপ্ত করবে না সিটি কোচ পেপ গার্দিওলাকে। এখনো যেন পথ হাতড়ে বেড়াচ্ছে তাঁর দল। পরশুও প্রথমার্ধে রীতিমতো জঘন্য খেলেছে। গোল তিনটি পেয়েছে দ্বিতীয়ার্ধে। ৭২ মিনিটে ইয়াইয়া তোরের গোল, ছয় মিনিট পর গোল করেন কেলেশি ইহিয়ানাচোও। তৃতীয় গোলটি হাল সিটির কার্টিস ডেভিসের আত্মঘাতী।
ঘাম ঝরানো জয়টি থেকে গার্দিওলা শিক্ষাই নিচ্ছেন, ‘এখানে আসার পর থেকে যা শিখেছি, তা হলো কোনো ম্যাচই সহজ নয়। জিতেছি বলে খুশি। না জিতলেও কিছু বলার থাকত না, ম্যাচটা কঠিন ছিল।’
এই জয়ে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে চলে এসেছে সিটি, শীর্ষে থাকা চেলসির চেয়ে পিছিয়ে ৭ পয়েন্টে। আর অলিভিয়ের জিরুর শেষ মুহূর্তের গোলে ওয়েস্টব্রমকে ১-০ গোলে হারিয়ে আর্সেনাল ৩৭ পয়েন্ট নিয়ে আছে চারে। লিভারপুলেরও পয়েন্ট ৩৭, তবে কাল রাতে স্টোক সিটির বিপক্ষে জিতে থাকলে দুইয়ে উঠে এসেছে ইয়ুর্গেন ক্লপের দল।
তবে চেলসিকে শীর্ষ থেকে সরানো কঠিন হবে সবার জন্যই। কস্তা-কান্তেকে ছাড়াই পরশু বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়েছে আন্তোনিও কন্তের দল। দুই অর্ধে পেদ্রোর জোড়া গোলের মাঝে পেনাল্টি থেকে গোল করেছেন এডেন হ্যাজার্ডও। এটি লিগে চেলসির টানা ১২তম জয়, যা ক্লাব রেকর্ড। কন্তের চোখ অবশ্য রেকর্ডে নয়, শিরোপায়, ‘যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলব মৌসুমের শেষ পর্যন্ত এমন জিতে যেতে চাই। কিন্তু কাজটি নিশ্চয় মোটেও সহজ হবে না।’
ব্যাপারটা অবশ্য বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার মতো। এই চেলসির জন্য কাজটা কঠিন করবে কে? এএফপি, বিবিসি।