'নতুন ইংল্যান্ড' শুধু ফাঁকা বুলিই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডের কোচের পদে আর থাকছেন না রয় হজসন। ছবি: এএফপি
ইংল্যান্ডের কোচের পদে আর থাকছেন না রয় হজসন। ছবি: এএফপি

ওয়েইন রুনিরা ছিলেনই। তবে ইংল্যান্ড এবার আশায় বুক বেঁধেছিল দলে একগাদা নতুন প্রতিভা আসায়। ভার্ডি-কেইন-রাশফোর্ডদের সেই নতুন ইংল্যান্ড নতুন কিছু করার স্বপ্ন নিয়েই এসেছিল ইউরোতে। কিন্তু ব্যর্থতার পুরোনো বৃত্তেই গোত্তা খেয়ে মুখ থুবড়ে পড়ল। ইউরোর নবাগত দল আইসল্যান্ডের কাছে হেরে, ফুটবল–ইতিহাসের সবচেয়ে বড় অঘটনগুলোর একটির শিকার হয়ে দেশের বিমান ধরল।

কাল আইসল্যান্ডের কাছে ২-১ গোলে হারের পর এক মুহূর্তও অপেক্ষা করেননি ইংলিশ কোচ রয় হজসন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেই জানিয়ে দিয়েছেন কোচ হিসেবে থাকছেন না। বলেছেন, যোগ্যতর দল হওয়া সত্ত্বেও ইংল্যান্ড প্রত্যাশামাফিক ফল না পাওয়াটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আইসল্যান্ডের কাছে শেষ ষোলোর হারটি হজসনকে অনেক বড় ধাক্কাই দিচ্ছে। ব্যাপারটা তাঁর গোটা ক্যারিয়ারে তিলে তিলে গড়ে তোলা বিশ্বাস ও আস্থার জায়গাটিতেই যেন আঘাত দিয়ে ফেলেছে। ৬৮ বছর বয়সী হজসনের অধীনে এ নিয়ে তৃতীয়বারের মতো ফুটবলের বড় কোনো আসরে ব্যর্থতার বৃত্তেই আটকে থাকল ইংল্যান্ড।

২০১২ সালে ইংল্যান্ডের কোচ হিসেবে নিয়োগ পান সাবেক এই ওয়েস্ট ব্রম ম্যানেজার। রক্ষণ ভাগকে সংঘবদ্ধ রেখে আক্রমণাত্মক কৌশলের জন্য বিখ্যাত এই কোচের অধীনে ৫৩টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ইংল্যান্ড জিতেছে ৩৩টিতে। তবে তাঁর সবচেয়ে বড় ব্যর্থতা গত চার বছর তাঁর অধীনে ইংল্যান্ড দুটো ইউরো ও একটি বিশ্বকাপে খেললেও তিনটি বড় আসরেই তাদের বিদায় ঘটেছে দ্রুত।

শেষ ষোলোতে এবারের র‍্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচের দলটিকে পেয়েও কাজের কাজ করতে পারেনি ইংলিশরা। ৩ লাখ ৩০ হাজার জনসংখ্যা অধ্যুষিত আইসল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড জিতবে না—এটা হয়তো ভাবতেও পারেননি অনেকে। কোচ হজসনের কাছেও এটা ছিল অপ্রত্যাশিতই। এমন ব্যর্থতায় দেশবাসীর কাছে ক্ষমাই চেয়েছেন তিনি, ‘এমন বিদায়ে আমি দুঃখিত। আমাদের প্রত্যাশা ছিল অনেক দূর যাওয়ার, কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা তা পারিনি, যা কোনো মতেই মেনে নেওয়া যায় না।’

আবার​ও পালাবদল হবে ইংলিশ ফুটবলে। কিন্তু ভাগ্যবদল হবে কবে? এই প্রশ্নের উত্তর খুঁজে মরছে ইংলিশ মিডিয়া। সূত্র: বিবিসি, এএফপি।