'নতুন নেইমারে' রিয়ালের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিনিসিয়াস জুনিয়র
ভিনিসিয়াস জুনিয়র

ভিনিসিয়াস জুনিয়রের বয়স মাত্রই ১৬। অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে নজরকাড়া পারফরম্যান্সে এরই মধ্যে পেয়ে গেছেন ব্রাজিল ফুটবলের ‘ভবিষ্যতের নেইমার’ উপাধি। ফ্ল্যামেঙ্গোর এই ফরোয়ার্ডকে পেতে প্রতিযোগিতায় নেমেছিল ইউরোপের বড় কয়েকটি ক্লাব। বড় হয়ে উঠেছিল স্প্যানিশ প্রতিদ্বন্দ্বিতা। নেইমারকে নেওয়ার প্রতিযোগিতায় পরাজিত রিয়াল এবার হারিয়ে দিল বার্সেলোনাকে। ব্রাজিলিয়ান ক্লাবটির সাবেক সভাপতি ক্লেবার লেইতো জানালেন, তরুণ ফরোয়ার্ড এরই মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে গেছেন।
লেইতো নিশ্চিত করেছেন ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের হয়েই গেছেন। তাহলে ফ্ল্যামেঙ্গোর সঙ্গে নতুন চুক্তির বিষয়টি? হ্যাঁ, চুক্তি একটা হয়েছে। ফ্ল্যামেঙ্গো সেটি করেছে ট্রান্সফার ফি বাড়িয়ে নিতে। এর ব্যাখ্যাও দিয়েছেন লেইতো, ‘বিদেশি দলের (ব্রাজিলের বাইরের কোনো ক্লাব) জন্য ওর রিলিজ ক্লজ ৩০ মিলিয়ন ইউরো থেকে বেড়ে ৪৫ মিলিয়ন ইউরো হয়ে যাওয়াটা বিস্ময়কর নয়। রিয়াল মাদ্রিদ এই অর্থ কিস্তিতে দেবে। আর এটা এখন থেকে শুরু হয়ে শেষ হবে ভিনিসিয়াসের রিয়ালে যোগ দেওয়ার সময়ে।’ আগামী মৌসুম শেষেই হয়তো ভিনিসিয়াস সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে উঠবেন। মার্কা।