'নতুন নেইমার'রও বার্সেলোনার!

ন্যু ক্যাম্পে দেখা যেতে পারে আরেক ‘নেইমার’কে। এই মুহূর্তে ‘নতুন নেইমার’ হিসেবে পরিচিত ব্রাজিলীয় তরুণ সেনসেশন গ্যাব্রিয়েলের ব্যাপারে সান্তোসের সঙ্গে প্রাথমিক আলাপ সেরে রেখেছে বার্সেলোনা। সান্তোসের নতুন এই সেনসেশনকে দলভুক্ত করার ব্যাপারে অধিকারের অগ্রাধিকার এখন এই কাতালান ক্লাবের।
গ্যাব্রিয়েলের পুরো নাম গ্যাব্রিয়েল বারবোসা আলমেইদা। ১৮ বছর বয়সী এই খেলোয়াড় ইতিমধ্যেই নিজের প্রতিভা দিয়েই ‘নতুন নেইমার’ হিসেবে পরিচিতি পেয়েছেন। মাত্র ১৬ বছর বয়সে ব্রাজিলীয় ফুটবলের পেশাদার অঙ্গনে অভিষিক্ত গ্যাব্রিয়েল প্রমাণ করেছেন তাঁর গোল করার অনন্য ক্ষমতাও। এ কারণে তাঁকে সবাই ‘গ্যাবিগোল’ নামেও ডাকা শুরু করেছে। এই প্রতিভায় এখন চোখ বার্সেলোনারও।
সান্তোসের সঙ্গে গ্যাব্রিয়েলকে নিয়ে কথাবার্তাও সেরে রেখেছে বার্সেলোনা। তাঁকে বিক্রি করার অগ্রাধিকার এখন তারা। অর্থাৎ, সান্তোস যদি গ্যাব্রিয়েলকে বিক্রি করতে চায়, তাহলে প্রথমেই কথা বলতে হবে বার্সেলোনার সঙ্গে।
এই খবরে স্বভাবতই উচ্ছ্বসিত গ্যাব্রিয়েল। তিনি জানিয়েছেন, পুরো ব্যাপারটিই তাঁর কাছে স্বপ্নপূরণের মতো একটা বিষয়, ‘খুব ছোটবেলা থেকেই আমি বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখতাম। আশা করি খুব তাড়াতাড়িই আমার এই স্বপ্ন পূরণ হবে। আমি বার্সেলোনার জার্সি গায়ে জড়াতে পারব।’
নতুন ‘নেইমার’কে দলভুক্ত করার আয়োজন যদিও সম্পন্ন, কিন্তু বার্সেলোনা নিজেই যে এখন খেলোয়াড় বেচা-বিক্রির অধিকার থেকে বঞ্চিত। গত মৌসুমে নেইমারের ট্রান্সফার ফি নিয়ে বিতর্ক আর লা মেসিয়া একাডেমি থেকে ১৮ বছরের কম বয়সী খেলোয়াড় বিক্রির অভিযোগে আপাতত দলবদল নিয়ে ফিফার নিষেধাজ্ঞার কবলে আছে বার্সেলোনা। গ্যাব্রিয়েলকে যদি নিতেই হয়, তাহলে ফিফার এই নিষেধাজ্ঞাটা থেকে আগে মুক্তি পেতে হবে বিশ্বের অন্যতম সেরা এই ক্লাবকে। সূত্র: মেইল অনলাইন।