'নরওয়ের ধূমকেতু'র নতুন রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্টিন ওডেগার্ড
মার্টিন ওডেগার্ড

তার মতো বয়সে লিওনেল মেসি ছিলেন লা মাসিয়ার ছাত্র। ম্যারাডোনা বোকা জুনিয়র্সেই পা রাখেননি। পেলে সান্তোসের মাঠ কাঁপিয়ে দিচ্ছেন, কিন্তু ব্রাজিল দলে তখনো অভিষেক হয়নি। আর মার্টিন ওডেগার্ড কি না এই বয়সেই রেকর্ডের পর রেকর্ড গড়ে যাচ্ছে!
কৈশোর পেরোনোর আগেই নরওয়ে ফুটবলের নতুন ‘সেনসেশন’ হয়ে উঠেছে ওডেগার্ড। দেশটির জাতীয় দলের কোচ পার-ম্যাথিয়াস হোগমো তাকে বলছেন ‘নরওয়ের ধূমকেতু’। অসলোর উলেভাল স্টেডিয়ামে পরশু ইউরোর বাছাইপর্বে বুলগেরিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামা ওডেগার্ডের বয়স ছিল ১৫ বছর ৩০০ দিন। সঙ্গে সঙ্গেই রেকর্ড বইয়ে নাম উঠে গেল নরওয়েজিয়ান এই বিস্ময় বালকের। ইউরোর বাছাইপর্বে খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার এখন ওডেগার্ড। ১৯৮৩ সালে মাল্টার বিপক্ষে ১৬ বছর ২৫১ দিন বয়সে খেলতে নেমে আগের রেকর্ডটা গড়েছিলেন আইসল্যান্ডের মিডফিল্ডার সিগারডার জনসন।
এমন কীর্তি অবশ্য ওডেগার্ডের জন্য নতুন কিছু নয়। নরওয়ের প্রথম বিভাগের দল স্ট্রোমসগডসেটের বয়সভিত্তিক দলে খেলা শুরু দুই বছর আগে। দুই বছরের মধ্যেই মূল দলে। এ বছরের এপ্রিলে অ্যালেসান্ডসের বিপক্ষে একটা ম্যাচে খেলতে নেমে গড়া হয়ে গেছে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে নরওয়ের সর্বোচ্চ লিগে (টিপ্পেলিগা) খেলার রেকর্ড। পরের মাসেই টিপ্পেলিগায় সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ডটাও নিজের হয়ে গেল। গত আগস্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটা প্রীতি ম্যাচে দেশের হয়ে অভিষেকের দিন তার বয়স ছিল ১৫ বছর ২৫৩ দিন। এর চেয়ে কম বয়সে নরওয়ের জাতীয় দলে খেলার রেকর্ড নেই আর কারও!
অসলোতে তার দল ম্যাচটা জিতেছে ২-১ গোলে। সব মিলিয়ে তিন ম্যাচে দুটি জয়। গ্রুপে ইতালি, ক্রোয়েশিয়ার মতো দল থাকার পরও ২০১৬ সালে ফ্রান্সের টিকিট পাওয়ার স্বপ্ন দেখেছে নরওয়ে। সেটা সত্যি হলে কিন্তু আরেকটা রেকর্ডও হয়ে যাবে ওডেগার্ডের। সবচেয়ে কম বয়সে ইউরোর মূল পর্বে খেলার বর্তমান রেকর্ডটা হল্যান্ডের জেত্রো উইলেমসের। ২০১২ সালে ডেনমার্কের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচে খেলার দিন ডাচ এই ডিফেন্ডারের বয়স ছিল ১৮ বছর ৭১ দিন। নরওয়ে মূল পর্বে যেতে পারলে রেকর্ডটি ওডেগার্ডের হয়ে যাবে। তখনো যে ১৮-ই পূর্ণ হবে না ওডেগার্ডের। উয়েফা ডটকম।

ইউরোর বাছাইপর্বে সর্বকনিষ্ঠ ৫ ফুটবলার
ম্যাচের তারিখ প্রতিপক্ষ বয়স
মার্টিন ওডেগার্ড (নরওয়ে) ১৩ অক্টো., ২০১৪ বুলগেরিয়া ১৫ বছর ৩০০ দিন
সিগারডার জনসন (আইসল্যান্ড) ৫ জুন, ১৯৮৩ মাল্টা ১৬ বছর ২৫১ দিন
পিটার জেহলে (লিখটেনস্টেইন) ১৪ অক্টো. ১৯৯৮ আজারবাইজান ১৬ বছর ২৬৫ দিন
লিভান কেনিয়া (জর্জিয়া) ৮ সেপ্টে. ২০০৭ ইউক্রেন ১৬ বছর ৩২৫ দিন
ড্যানিয়েল ফ্রিক (লিখটেনস্টেইন) ৬ সেপ্টে. ১৯৯৫ লাটভিয়া ১৭ বছর ৭৯ দিন