'নাদেশিকোদের' উঠে আসার গল্প
রিনা ইয়ামাশিতা, মোমো কাতোদের সবাই আদর করে ডাকে ‘লিটল নাদেশিকো’। জাপানের পুরুষ ফুটবল দল যেমন ‘ব্লু সামুরাই’, মেয়েদের দল নাদেশিকো। এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপে খেলতে থাইল্যান্ডে এসে জাপানের রিনা-মোমোরা টানা দুই জয় পেয়ে এরই মধ্যে উঠে গেছে সেমিফাইনালে। টুর্নামেন্টের বর্তমান রানার্সআপরা এবার শিরোপা জিততে বেপরোয়া।
জাপানের কোচ কুসুনোজ নাওকি বাংলাদেশের মেয়েদের খেলা দেখে মুগ্ধ। ২০০৫ এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে জাপানের বিপক্ষে প্রথম খেলতে নেমে বাংলাদেশ খেয়েছিল ২৪ গোল। আর এবারের টুর্নামেন্টে সেই জাপানের কাছে খেয়েছে মাত্র ৩ গোল। জাপানের মতোই একদিন বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখে কৃষ্ণা-সানজিদারা। বাংলাদেশ যখন মেয়েদের ফুটবলে হাঁটি হাঁটি পা পা করে, তত দিনে জাপান এগিয়ে গেছে বিশ্ব ফুটবলের অনেক দূরে।
জাপানের মেয়েদের ফুটবল শুরু ১৯৭০ সালে। এরপর ধীরে ধীরে নিজেদের তৈরি করে বিশ্বকাপে জায়গা করে নেয় সাতবার। ২০১১ সালে হয় বিশ্ব চ্যাম্পিয়ন। ২০১৪ সালে জেতে এশিয়ান কাপ। ২০১৫ সালে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয় জাপান। আন্তর্জাতিক ফুটবলে জাপানের এমন সাফল্যের রহস্য কী? জাপানের বয়সভিত্তিক দলের কোচ নাওকি বলেন, ‘মেয়েদের ফুটবলে সাফল্যের বড় কারণ নিয়মিত লিগ। তা ছাড়া জাপানে মেয়েদের অনেক ফুটবল একাডেমি আছে। সেখান থেকেও প্রতিবছর অনেক প্রতিভাবান মেয়ে উঠে আসে।’
জাপানে শুরুর দিকে মেয়েদের ফুটবল হতো খুব কম। বিভিন্ন আঞ্চলিক দল নিয়ে প্রথম লিগ হয় ১৯৮০ সালে। তখনো কোনো মহিলা কোচ ছিলেন না। রাইয়োহি সুজুকিকে প্রথম মহিলা কোচ নিয়োগ দেওয়ার পর থেকেই ধীরে ধীরে উন্নতি হতে থাকে মেয়েদের খেলায়।
নাওকি বলেন, বিশ্বকাপ জয়ই জাপানে মহিলা ফুটবলের বাঁক বদলে দিয়েছে, ‘২০১১ সালে মেয়েদের প্রথম বিশ্বকাপ জয়ের পর থেকেই মহিলা ফুটবলের জনপ্রিয়তা দিনকে দিন বাড়তে লাগল। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনও সঠিক পরিকল্পনা করে এগিয়ে চলেছে বলেই মেয়েরা ভালো করছে।’
দুই বছর আগে চীনে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উত্তর কোরিয়ার কাছে হেরেছিল জাপান। আগামী পরশু গ্রুপ পর্বে আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। সেই হারের প্রতিশোধ এবার গ্রুপ পর্বেই নিতে চায় ‘লিটল নাদেশিকোরা’।