'নামটা লিখে রাখুন, দানি সেবায়োস'

মার্কো এসেনসিও, কিলিয়ান এমবাপ্পে কিংবা উসমানে ডেম্বেলে-এ নামগুলো এখন আর কাউকে নতুন করে জানাতে হয় না। ফুটবলের ভবিষ্যৎ যে এঁরাই লিখবেন সেটা জানেন সবাই। এ ছোট দলে আরেকটি নাম যোগ করে নিন, দানি সেবায়োস। এই তরুণ মিডফিল্ডারের সুবাদেই যে আজ জয় পেল রিয়াল মাদ্রিদ। আলাভেসকে তাদেরই মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল।
খুব কম খেলোয়াড়েরই সৌভাগ্য হয়েছে, যাঁকে একই সময়ে রিয়াল ও বার্সেলোনা দলে চেয়েছে। নেইমার ছিলেন এমন একজন। এ মৌসুমেই আরও দুজনের দেখা মিলেছে, থিও হার্নান্দেজ ও সেবায়োস। এ দুজন অবশ্য নেইমারের উল্টো পথে হেঁটেছেন অর্থাৎ রিয়ালকে বেছে নিয়েছেন।
এর মাঝেও সেবায়োসের প্রসঙ্গটা একটু ভিন্ন। বার্সেলোনা তাঁকে শুধু চাই-নি, তাঁকে মূল একাদশে খেলানোর নিশ্চয়তাও দিয়েছিল। কিন্তু বেঞ্চে বসে থাকতে হবে জেনেও রিয়ালকেই বেছে নিয়েছেন সেবায়োস। দুই মাস না যেতেই সে সিদ্ধান্ত নিয়ে মাথা চুলকানোর দশা। মাঠেই যে নামা হয় না তাঁর। আড়ালে-আবডালে সেবায়োস নিজেও মনে করছেন ভুল দলকে বেছে নিয়েছেন—এমন কথাও শোনা যাচ্ছিল এ ম্যাচের আগে। সে কারণেই কিনা আজ টনি ক্রুস চোটাক্রান্ত হয়ে বসে থাকার পরও ঝুঁকি নিলেন জিনেদিন জিদান। লুকা মডরিচকে না খেলিয়ে নামিয়ে দিলেন সেবায়োসকে।
প্রতিদান দিতে মাত্র ১০ মিনিট সময় নিলেন। শুরুতেই রিয়ালকে কাঁপিয়ে দেওয়া দুটো আক্রমণ করেও প্রথমে গোল খেল আলাভেস। বাঁ প্রান্তে এসেনসিওর ফ্লিক থেকে বল পেয়ে বক্সে ঢুকেই শট সেবায়োসের, গোল! এতটাই অনায়াস গোল, দেখে মনেই হলো না তাঁর আশপাশে তিনজন আলাভেস খেলোয়াড় ছিল! এরপরই কর্নার ফ্ল্যাগের দিকে ইঙ্গিত করলেন সেবায়োস, ‘লিখে রাখ!’
দ্বিতীয়বার সেবায়োসের এমন ইঙ্গিত দেখা গেল ৪৩ মিনিটে। ডান প্রান্ত থেকে উড়ে আসা কারভাহালের ক্রস ধরতে ভুল করলেন আলাভেস গোলরক্ষক পাচেকো। সে বল গিয়ে পড়ল বক্সের একটু বাইরে দাঁড়ানো সেবায়োসের কাছে। আবারও জোরাল শট সেবায়োসের। ২-১ গোলে এগিয়ে গেল রিয়াল।
এর মিনিট তিনেক আগেই ম্যাচে সমতা এনেছিল আলাভেস। সেটা রিয়াল-বার্সা-আলাভেস সমন্বয়ে। দারুণ এক ডিফেন্স চেরা পাস দিলেন রিয়াল একাডেমির সাবেক খেলোয়াড় বুরগুই। সেটা থেকে ক্রস বার্সা থেকে ধারে আসা মুনির এল হাদ্দাদির। আর সে ক্রস থেকে দুর্দান্ত এক হেড আলাভেসের হয়ে স্প্যানিশ লিগের তিন ধাপ খেলা মানু গার্সিয়া।
সেবায়োসের দিনে শেষটা আলোকিত করতে পারতেন বন্ধু এসেনসিও। শেষ মুহূর্তে দুটো সুযোগও পেয়েছিলেন গোলের। কিন্তু দিনটা যে সেবায়োসের হবে এটাই যে লেখা ছিল ম্যাচের ভাগ্যে!