'নারী নির্যাতনকারী' ম্যারাডোনা!

খবরের শিরোনাম হয়ে থাকাটাই যেন তাঁর পছন্দ। সেটা ভালো খবর হোক কিংবা খারাপ! কদিন আগেই বুয়েনস এইরেসে প্রকাশ্যে এক সাংবাদিককে চড় মেরে বিতর্ক সৃষ্টি করেছিলেন। সেই ঘটনা পুরোনো হওয়ার আগেই আবারও আলোচনায় ডিয়েগো ম্যারাডোনা। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে বান্ধবী পেটানোর! আর্জেন্টাইন কিংবদন্তি আবার সেই অভিযোগ অস্বীকার করে উল্টো চুরির মামলা ঠুকে দিয়েছিলেন বান্ধবী রোসিও অলিভার বিরুদ্ধে! পরে অবশ্য সেই অভিযোগ আবার প্রত্যাহারও করে নিয়েছেন।
সম্প্রতি আর্জেন্টাইন কয়েকটি টেলিভিশন চ্যানেল একটি ভিডিও প্রকাশ করেছে, যেটা পরে ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। ভিডিওতে দেখা যায়, রাগে গজরাতে গজরাতে বান্ধবীর দিকে এগিয়ে যাচ্ছেন ম্যারাডোনা। বলছেন, ‘ফোনটা রেখে দাও, ফোনটা রেখে দাও। ওটা দেখা বন্ধ করো।’ অলিভা বলেন, ‘আমি কি দেখতে পারি না?’ এর পরই ম্যারাডোনা অলিভার শরীরে আঘাত করেন। অলিভা তখন বলতে থাকেন, ‘থামো ডিয়েগো | শান্ত হও, আঘাত করা বন্ধ করো।’ ভিডিওটা করেছেন অলিভা নিজেই।
ধারণা করা হচ্ছে, এ মাসের শুরুতে অসুস্থ বাবাকে দেখতে ম্যারাডোনা যখন দুবাই থেকে বুয়েনস এইরেসে এসেছিলেন, ঘটনাটা তখনকার। ভিডিওর লোকটা যে তিনি, সেটা স্বীকার করেছেন ম্যারাডোনাও। তবে বান্ধবীর গায়ে হাত তোলার কথা অস্বীকার করেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। আর্জেন্টাইন এক সাংবাদিককে ১৯৮৬ বিশ্বকাপের নায়ক বলেছেন, ‘রোসিওর হাত থেকে ফোনটা কেড়ে নিতে চেয়েছিলাম। কিন্তু শপথ করে বলছি, কখনোই একজন নারীর গায়ে হাত তুলিনি। কাহিনি এখানেই শুরু, এখানেই শেষ। এর বেশি কিছু ঘটেনি।’
এ ভিডিও প্রকাশের পরই বান্ধবীর বিরুদ্ধে চুরির অভিযোগ করেছিলেন ম্যারাডোনা। পরে সেটা তুলে নিয়েছেন বলে আর্জেন্টাইন একটি টেলিভিশনের কাছে নিশ্চিত করেছেন অলিভা, ‘ডিয়েগোর সঙ্গে আমার কথা হয়েছে। ও অভিযোগ তুলে নিয়েছে।’
এদিকে ঘটনাটা শুনে খুব খেপে গেছেন অলিভার এক চাচি। তাঁর ভাষায়, ম্যারাডোনা নাকি ‘মানসিক ভারসাম্যহীন’ এবং ‘নারী নির্যাতনকারী’! এএফপি, ডেইলি মেইল।