'নাসির-ঝলকে' আবাহনীর হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলা শেষের পাঁচ মিনিট আগে গোল করে জয়ের নায়ক নাসির উদ্দিনের উল্লাস। তাঁকে ঘিরে সবচেয়ে উল্লসিত অবশ্য দুই গোল করে আবাহনীকে ২-০ ব্যবধানে এগিয়ে দেওয়া এমেকা ডার্লিংটন (বাঁয়ে)। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
খেলা শেষের পাঁচ মিনিট আগে গোল করে জয়ের নায়ক নাসির উদ্দিনের উল্লাস। তাঁকে ঘিরে সবচেয়ে উল্লসিত অবশ্য দুই গোল করে আবাহনীকে ২-০ ব্যবধানে এগিয়ে দেওয়া এমেকা ডার্লিংটন (বাঁয়ে)। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

রক্ষণ সামলানোই তাঁর দায়িত্ব। কিন্তু দলের প্রয়োজনে গোল করতেও পারেন ডিফেন্ডার নাসির উদ্দিন। জাতীয় দল বা ক্লাব ফুটবলে গোল করে ম্যাচ জেতানোর অনেক নজির আছে নাসির উদ্দিনের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে কাল আরেকবার দেখা গেল ‘নাসির-ঝলক।’ ৮৪ মিনিট পর্যন্ত সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে ২-২ সমতায় আবাহনী। ড্র-ই যখন নিয়তি বলে ধরা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আবাহনীকে মূল্যবান তিনটি পয়েন্ট এনে দেন নাসির উদ্দিন। ওই নাসিরের গোলেই ৩-২ ব্যবধানে সাইফ স্পোর্টিংকে হারিয়ে শুভসূচনা করতে পারল চ্যাম্পিয়ন আবাহনী।

প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিং নবাগত হলেও শিরোপার অন্যতম দাবিদার বলা হচ্ছে তাদের। দলটি গড়া তারুণ্য আর অভিজ্ঞদের মিশেলে। মৌসুম-সূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপে এই সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আবাহনী। কিন্তু এবার আর সাইফের কাছে পয়েন্ট খোয়াতে হয়নি আকাশি-নীলদের।

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ খেলে দুই দিন আগে দেশে ফিরেছেন সাদ উদ্দিন, রুবেল মিয়া, টুটুল হোসেনরা। জ্বর আর চোট হানা দিয়েছে আবাহনীতে। মামুন মিয়া, নাবিব নেওয়াজ পুরো ফিট নন। চোটগ্রস্ত ল্যান্ডিং দারবোয়ে। সব মিলিয়ে একরকম বাধ্য হয়েই কোচ দ্রাগো মামিচ ভ্রমণক্লান্ত ফুটবলারদের নামান মাঠে। খেলা শেষে কোচ বললেনও, ‘আমার কিছুই করার নেই। এমনিতেই গত কয়েক মাস একসঙ্গে পাইনি সবাইকে। এদের বিকল্প ফুটবলারও তো দলে নেই। চোটের জন্য ল্যান্ডিংকেও আজ খেলাতে পারিনি। তারপরও ওরা যা খেলেছে তাতে খুশি। আমি আশাবাদী, পরের ম্যাচে আরও ভালো খেলবে ছেলেরা।’

ম্যাচে একটা সময় এমেকা ডার্লিংটনের জোড়া গোলে ২-০-তে এগিয়ে ছিল আবাহনী। তারপরও তাদের জিততে হয়েছে ঘাম ঝরিয়ে। চাপে পড়েও ম্যাচটি শেষ পর্যন্ত বের করতে পেরেছেন বলে খুশি ক্রোয়েশিয়ান কোচ, ‘প্রথম ম্যাচে জিততে হবে, তাই চাপে থাকাটাই ছিল স্বাভাবিক। তবে দ্বিতীয়ার্ধে ছেলেদের বলেছিলাম তোমাদের আসল খেলাটা দেখাও। শেষ পর্যন্ত ছেলেরা জিতেছে, ওদের অভিনন্দন।’

এমেকা জোড়া গোল করলেও সাদ উদ্দিন, সোহেল রানাও কয়েকবার গোলের সুযোগ নষ্ট করেছেন। তা না হলে আবাহনী জয়ের ব্যাপারে নির্ভার হতে পারত আগেই। কিন্তু তাদের নির্ভার হতে দেয়নি সাইফ। এমনকি ২-২-এ সমতায় এনে জয়ের স্বপ্নও দেখতে থাকে তারা। কিন্তু সেই স্বপ্ন পূরণ হতে দেননি নাসির। বাঁ প্রান্ত থেকে রায়হানের থ্রো সাইফ স্পোর্টিংয়ের ডিফেন্ডার রহমত ক্লিয়ার করার চেষ্টা করেন। কিন্তু পেছনে দাঁড়ানো অরক্ষিত নাসির দারুণ এক হেডে এগিয়ে নেন আবাহনীকে। ম্যাচের তখন ৮৫ মিনিট। বাকি সময় আবাহনীর রক্ষণ আর কোনো অঘটন ঘটতে দেয়নি। ম্যাচ শেষে মামিচের মুখে ছিল শুধুই নাসিরের প্রশংসা, ‘ও একজন পুরোদস্তুর পেশাদার ফুটবলার। যেখানে ইচ্ছা সেখানেই খেলানো যায়। চট্টগ্রাম আবাহনীর হয়ে শেখ কামাল ক্লাব কাপে ওকে এভাবে বেশ কটি গোল করতে দেখেছি। শুনেছি জাতীয় দলেও এভাবে গোল করেছে।’

২১ মিনিটে ওয়ালী ফয়সালের ক্রস থেকে হেডে এমেকা এগিয়ে দেন আবাহনীকে (১-০)। ২৮ মিনিটে বক্সের মধ্যে সাদকে ফেলে দেন রহমত মিয়া। প্রাপ্ত পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ওই এমেকা। তপু বর্মণের হেডে সাইফ ২-১ করে ফেলে প্রথমার্ধের শেষ মিনিটে। এরপর হেমন্তর বদলি হিসেবে খেলতে নামা জুয়েলের দুর্দান্ত হেডে এনে ফেলে সমতা। কিন্তু শেষ পর্যন্ত তাদের জিততে দিলেন না নাসির। সাইফ স্পোর্টিংয়ে কোচ কিম গ্রান্ট হারের জন্য দুষলেন ডিফেন্ডারদের, ‘ম্যাচটি জেতার দারুণ সুযোগ ছিল আমাদের সামনে। ড্র করতে পারলেও ভালো হতো। কিন্তু তিনটি গোলই হয়েছে রক্ষণের ভুলে।’