'না' বলতে পারেননি মাচেরানো

বার্সেলোনার হয়ে গোল-খরা ঘুচল হাভিয়ের মাচেরানোর। খরা? বার্সার হয়ে গতকালের আগে পর্যন্ত কোনো গোলই তো ছিল না এই আর্জেন্টাইন তারকার। একে খরা বলবেন কী করে? মাচেরানো নিজেও এটিকে ‘গোল খরা’ বলতে রাজি নন। বার্সেলোনার হয়ে তাঁর কাজ গোল করা নয়—অনেকবার বলা কথাটাই আবার বললেন মাচেরানো। তাহলে কাল ওসাসুনার বিপক্ষে নেওয়া ওই পেনাল্টিটি? সতীর্থ আর ন্যু ক্যাম্পের সমর্থকদের চাপেই শটটা তিনি নিয়েছিলেন বলে জানালেন।
ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার ৭-১ গোলের জয়ে মাচেরানোর গোলটি ছয় নম্বর। বার্সা যখন পেনাল্টিটি পায়, মাঠে ছিলেন না লিওনেল মেসি, নেইমার বা সুয়ারজদের কেউই। সতীর্থরা সবাই মিলে শটটি মাচেরানোকেই নিতে বলেন। ম্যাচ শেষে বিন স্পোর্টসকে সতীর্থদের এই ভালোবাসার কথাই বলেছেন তিনি, ‘প্রথম গোলের বিষয়টি তেমন কিছু নয়। আমি এটাকে জীবনের বাঁকে থাকা কোনো একটি গল্পের মতো করেই নিয়েছি। অন্য কিছুর চেয়ে আমার কাছে সতীর্থদের ভালোবাসাটাই বড়। সতীর্থ আর সমর্থকদের চাপেই শটটি নিয়েছি আমি।’
ক্যারিয়ারে যে একেবারেই গোল করেননি, ব্যাপারটা এমন নয়। সব মিলিয়ে এর আগে আটটি গোল করেছেন মাচেরানো। এর মধ্যে পাঁচটিই দেশের হয়ে। তবে গোল-টোল করা নয়, মাচেরানোর কাছে দলের জয়ই আসল, ‘এটা দলীয় খেলা। প্রত্যেকের ভূমিকাই আলাদা। আমার কাজ গোল করা নয়। এটি আমার ভালো করেই জানা। গুরুত্বপূর্ণ হচ্ছে জয় পাওয়া। বার্নাব্যুতে দল সেটিই করেছে। এখন পয়েন্ট তালিকায় রিয়ালকে চাপে রাখতে হবে আমাদের।’