'নিজেকে মনে হচ্ছে খলনায়ক'

উইলিয়াম শেক্সপিয়ারের নামের সঙ্গে মিল আছে তাঁর নামের। ক্রেইগ শেক্সপিয়ারের কথায় বোঝা যাচ্ছে তাঁর সাহিত্যপ্রীতিও আছে। ক্লদিও রানিয়েরির জায়গায় লেস্টার সিটির তত্ত্বাবধায়ক কোচের দায়িত্ব পাওয়া শেক্সপিয়ার পরিস্থিতি বোঝাতে উদাহরণ টেনেছেন সাহিত্য থেকে। নিজেকে তিনি মনে করছেন কোনো গীতিনকশার খলনায়ক!
পরশু সকালেও ছিলেন রানিয়েরির সহকারী। বিকেলেই হয়ে গেলেন প্রধান কোচ। বসে গেছেন রানিয়েরির চেয়ারে। ক্যারিয়ারে হঠাৎ এই প্রাপ্তিযোগে তা ধিনধিন করে নেচেই নিতে পারেন কেউ! কিন্তু শেক্সপিয়ার আনন্দে ভেসে যাচ্ছেন না, ‘এটা মালিক আর ক্লাব কর্তৃপক্ষের বিষয়। আমাকে বিকেলে ডেকে পাঠানো হয়েছে। নিজেকে কিছুটা গীতিনকশার খলনায়ক মনে হচ্ছে!’
শেক্সপিয়ারের অবশ্য নিজেকে খলনায়ক মনে হওয়ার অন্য একটি কারণও থাকতে পারে। কিছুদিন ধরেই রানিয়েরির সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিল না। মাত্র নয় মাস আগেই লেস্টারকে শিরোপা জিতিয়ে ইংলিশ ফুটবলে রূপকথার জন্ম দিয়েছেন রানিয়েরি। ক্লাবটির খেলোয়াড়দের কাছে পেতেন গুরু ‘দ্রোণাচার্যের’ সম্মান। কিন্তু সম্প্রতি নাকি খেলোয়াড়দের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। এসবের মূলে আসলে ওই একটি বিষয়—সাফল্য বরমাল্য দেয় আর ব্যর্থতা আগুনে পোড়ায়। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা লেস্টার এবার নেমে এসেছে মাটিতে। একের পর এক ম্যাচ হেরে অবনমন অঞ্চলের ঠিক ওপরে আছে।
এমন পরিস্থিতিতে রানিয়েরির ওপর ক্লাবের আস্থা রাখাটা কঠিনই মনে করেন শেক্সপিয়ার। তবে সবকিছুর পরও মৌসুমের এমন সময়ে রানিয়েরিকে বরখাস্ত করাটাও তাঁর কাছে কেমন যেন লাগে, ‘সময়টার কথা মাথায় রেখেই বলতে হচ্ছে, মালিকপক্ষের সিদ্ধান্তকে শ্রদ্ধা করতে হবে আমাকে। আমার আসলে কিছুই করার নেই!’
পরশু লেস্টারের অনুশীলন মাঠে গিয়েছিলেন রানিয়েরি। কিন্তু সদ্যই সাবেক হয়ে যাওয়া ছাত্রদের কারও সঙ্গে দেখা হয়নি তাঁর। আগামীকাল লিগে শক্তিশালী লিভারপুলের মুখোমুখি হবে লেস্টার। শুক্রবার তাই ছুটি নিয়েছেন ভার্ডি-মাহরেজরা। তাঁরা জানতেন রানিয়েরি নিজের কিছু জিনিস নিতে অনুশীলন মাঠে আসবেন। কিন্তু গুরু-দর্শন নিতে আসেননি কেউ। গত মৌসুমে চ্যাম্পিয়ন হওয়া, অতঃপর খেলোয়াড়দের দাম বেড়ে যাওয়া, কারও কারও চলে যাওয়া আর এখন বিদায়ী রানিয়েরির সঙ্গে এমন আচরণ—সব মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহোর দৃষ্টিতে লেস্টারের খেলোয়াড়েরা ‘স্বার্থপর’, ‘মৌসুমটা সম্ভবত শুরু হয়েছিল অনেকের স্বার্থপরতা নিয়ে। খেলোয়াড়েরা নতুন চুক্তির কথা ভেবেছে, কেউ কেউ বেশি অর্থে ক্লাবটি ছেড়ে গেছে। ভুলে গেছে কার হাত ধরে তারা এই পর্যায়ে পৌঁছেছে।’ মরিনহো নিজে অবশ্য রানিয়েরিকে শ্রদ্ধা জানিয়েছেন। গতকালের সংবাদ সম্মেলনে যে অনুশীলন জার্সিটি পরে এসেছিলেন, সেটিতে লেখা ছিল ‘সিআর (ক্লদিও রানিয়েরি)’।
লেস্টারের হয়ে নিয়মিত সংবাদ সম্মেলন কাল করেছেন শেক্সপিয়ার। কিন্তু সংবাদমাধ্যমের মুখোমুখি হতে হয়েছিল রানিয়েরিকেও। তাঁর কথায় ছিল ক্ষরণ, ‘গতকাল আমার স্বপ্নের মৃত্যু হয়েছে।’ এএফপি, রয়টার্স, মেইল অনলাইন।