'নিষিদ্ধ' বালোতেল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও বিতর্কে বালোতেল্লি। ছবি: রয়টার্স।
আবারও বিতর্কে বালোতেল্লি। ছবি: রয়টার্স।

ইংলিশ প্রিমিয়ার লিগে এখনো গোলের খাতা খুলতে পারেননি মারিও বালোতেল্লি। মাঠের পারফরম্যান্স যা-ই হোক, মাঠের বাইরের ঘটনায় নিয়মিত আলোচনায় আছেন লিভারপুল স্ট্রাইকার। সর্বশেষ, সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্টের কারণে বালোতেল্লিকে এক ম্যাচ নিষিদ্ধ ও ২৫ হাজার পাউন্ড জরিমানা করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
১ ডিসেম্বর ইনস্টাগ্রামে ভিডিও গেমের চরিত্র ‘সুপার মারিও’র ছবি পোস্ট করে লেখেন, ‘বর্ণবাদী হবেন না। মারিওর মতো হন। এটি জাপানিরা তৈরি করলেও সে একজন ইতালিয়ান নির্মাণকর্মী, কথা বলে ইংরেজিতে, দেখতে মেক্সিকানদের মতো।’ ছবির নিচে লেখেন, ‘কালোদের মতো লাফ দিন, ইহুদিদের মতো পয়সা কামান’।
সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত নিয়মভঙ্গের কারণে বালোতেল্লিকে লিগে এক ম্যাচ নিষিদ্ধ ও ২৫ হাজার পাউন্ড জরিমানা করেছে এফএ। এতে আর্সেনালের বিপক্ষে রোববার মাঠে নামতে পারবেন না লিভারপুল স্ট্রাইকার। এ ছাড়া তাঁকে অংশ নিতে হবে একটি ‘শিক্ষামূলক’ ক্লাসে। ধারণা করা হচ্ছে, শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ক্লাব কর্তৃপক্ষও।
এ শাস্তির পর ব্যক্তিগত শুনানির জন্য আবেদন করেননি বালোতেল্লি। আত্মপক্ষ সমর্থন করে টুইটারে লিখেছেন, ‘আমার ‘‘সুপার মারিও’’ পোস্ট-সম্পর্কিত সাম্প্রতিক ঘটনার পর এফএর সিদ্ধান্ত পরিষ্কার, এটা (পোস্ট) ভুল ছিল।’ এ ঘটনার জন্য সতীর্থ ও ক্লাব সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন ইতালীয় ফরোয়ার্ড। তিনি আরও লিখেছেন, ‘এফএর সিদ্ধান্তে একমত। সঙ্গে এও নিশ্চিত করছি, ভবিষ্যতে এমনটা আর ঘটবে না।’
নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টির পর সেই পোস্টটি দ্রুতই মুছে দিয়েছিলেন বালোতেল্লি। এর এক দিন পর দুঃখ প্রকাশ করে লিখেছিলেন, ‘যদি কাউকে ক্ষুব্ধ করে থাকি, তাহলে দুঃখিত। পোস্টটি ছিল আসলে রসিকতার মাধ্যমে বর্ণবাদের বিরোধিতা করা। এখন বুঝতে পারছি, হিতে বিপরীত হয়েছে।’
এফএর সিদ্ধান্তের পর লিভারপুলের এক মুখপাত্র বলেন, ‘এ ব্যাপারে আমরা নিজেরাও সিদ্ধান্ত নেব।’ বালোতেল্লির ভাগ্যে আরও কী অপেক্ষা করছে কে জানে! সূত্র: এএফপি, মেইল অনলাইন।