'নিষিদ্ধ' রিয়াল-অ্যাটলেটিকো
ইঙ্গিতটা ফিফার বিদায়ী সভাপতি সেপ ব্ল্যাটার গত ডিসেম্বরেই দিয়েছিলেন। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো, বার্সেলোনার মতো শাস্তি পেতে হলো রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদকেও। আগামী দুই দলবদলের মৌসুমে কোনো খেলোয়াড় কিনতে করতে পারবে না মাদ্রিদের এই দুই ক্লাব।
বার্সা যে কারণে গত এক বছর দলবদলে অংশ নিতে পারেনি, রিয়াল-অ্যাটলেটিকোও সে কারণেই নিষেধাজ্ঞা পেল। অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের নিয়ম ভেঙে দলে নেওয়ার জন্যই এই শাস্তি। ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেশ কজন ১৮ বছরের কম বয়সী খেলোয়াড়কে দলে নিয়েছিল অ্যাটলেটিকো। ২০০৫ থেকে ২০১৪ পর্যন্ত রিয়ালও করেছে এই কাজ। এ কারণে ট্রান্সফার উইন্ডোতে নিষিদ্ধ হলো এই দুই ক্লাব, যে নিষেধাজ্ঞা এ মাসেই কাটিয়ে উঠল স্পেনের আরেকটি ক্লাব বার্সেলোনা। শাস্তির পাশাপাশি দুই ক্লাবকে জরিমানাও দিতে হবে। রিয়ালের ক্ষেত্রে সেটি ৩ লাখ ২৯ হাজার ইউরো। আর অ্যাটলেটিকোকে দিতে হবে ৮ লাখ ২২ হাজার ৬০০ ইউরো। এএফপি