'নিষ্কলুষ' বেনজেমার পাশে রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করিম বেনজেমা
করিম বেনজেমা

ভার্সাইতে ফ্রেঞ্চ কর্তৃপক্ষের কাছে বিবৃতি দিয়ে এসে রিয়াল মাদ্রিদের অনুশীলনে যোগ দিয়েছেন। তবে অনুশীলনটা করেছেন পুরো দল থেকে আলাদা হয়ে। একা দৌড়াচ্ছেন, ব্যায়ামও করছেন একা। তবে কি ফ্রান্স-সতীর্থকে ভয় দেখিয়ে চাঁদাবাজির মামলায় জড়ানোয় করিম বেনজেমা রিয়াল মাদ্রিদে ব্রাত্য? না, বরং উল্টোটাই। এই দুঃসময়ে ফরাসি স্ট্রাইকারের পাশেই দাঁড়িয়েছে লস ব্লাঙ্কোসরা।
চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছেন বলেই একা অনুশীলন করছেন বেনজেমা। চোটের কারণেই আগামীকাল সেভিয়া ম্যাচেও খেলতে পারছেন না রিয়ালের ‘নাম্বার নাইন’। জার্মানি ও ইংল্যান্ডের সামনের দুটি প্রীতি ম্যাচের ফ্রান্স দলেও জায়গা পাননি।
ফ্রান্স-সতীর্থ ম্যাথু ভালবুয়েনা ও তাঁর বান্ধবীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে বেনজেমার বিরুদ্ধে। গত পরশু এই অভিযোগ ওঠার কয়েক ঘণ্টা পরই রিয়াল এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ পূর্ণ সমর্থন দিচ্ছেন ২৭ বছর বয়সী স্ট্রাইকারকে। ফ্রান্স থেকে আসার পরই বেনজেমার সঙ্গে দেখা করেছেন পেরেজ। পেরেজ নিশ্চিত যে বেনজেমা নিষ্কলুষ।
অবশ্য অভিযোগ তদন্ত করছে এমন একটি সূত্র জানিয়েছে, ‘শৈশবের বন্ধু’র হয়ে ভালবুয়েনার কাছে অর্থের বিষয়ে মধ্যস্থতা করার বিষয়টি নাকি এরই মধ্যে স্বীকার করেছেন বেনজেমা। তবে ফ্রেঞ্চ অধিনায়কের আইনজীবী ‘এমন কোনো কিছু স্বীকার করার বিষয়টি’ অস্বীকার করেছেন। এএফপি।