'নেইমারের সঙ্গে তুলনা গাধামি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৈশোর পেরোনোর আগেই রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন কিন্তু নেইমারের সঙ্গে তুলনা বাড়াবাড়ি মনে হচ্ছে রদ্রিগোর কাছে। ফাইল ছবি
কৈশোর পেরোনোর আগেই রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন কিন্তু নেইমারের সঙ্গে তুলনা বাড়াবাড়ি মনে হচ্ছে রদ্রিগোর কাছে। ফাইল ছবি

একসময় কথাটা হতো পেলে-ম্যারাডোনাকে নিয়ে। ব্রাজিল ও আর্জেন্টিনায় নতুন কোনো কিশোর প্রতিভা হাজির হলেই তাদের ট্যাগ জুটে যেত ‘নতুন পেলে’ কিংবা ‘নতুন ম্যারাডোনা’। এখন দিন বদলেছে। আর্জেন্টিনার মানুষ এখন আর ‘নতুন ম্যারাডোনা’ ট্যাগ দেন না। তাঁরা এখন ‘নতুন মেসি’ খুঁজে পান। ব্রাজিলেও ইদানীং আর ‘নতুন পেলে’ বের হচ্ছে না। ইদানীং ‘ভবিষ্যৎ নেইমাররাই’ সংবাদের শিরোনাম দখল করে নিচ্ছে।

ব্রাজিলের এমন সর্বশেষে নেইমারের নাম রদ্রিগো গোয়েস। নেইমার জুনিয়রকে দলে টানতে ব্যর্থ হয়ে ব্রাজিলের পরবর্তী তারকাকে দলে টানতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে রিয়াল মাদ্রিদ। এ কারণেই ১৬ বছরের ভিনিসিয়ুস জুনিয়রকে ৪৫ মিলিয়ন ইউরোতে দলে টেনেছে তারা। পরের বছরই আরেক বিস্ময় বালক হাজির। এবার ১৭ বছরের রদ্রিগোকে কিনতে রিয়াল খরচ করেছে ৪০ মিলিয়ন ইউরো। ভিনিসিয়ুস ও রদ্রিগো দুজনই নেইমারের মতোই মাঠের বাঁ প্রান্তে খেলতে পছন্দ করে। বল নিয়ে ড্রিবলিং আর দেখনদারিতে তরুণ নেইমারকেই মনে করিয়ে দেয় এ দুজন। ভিনিসিয়ুস এরই মাঝে রিয়ালে চলে এসেছে। কিন্তু বয়স এখনো ১৮ না হওয়ায় ব্রাজিলেই আছে রদ্রিগো।

এখনো রিয়াল মাদ্রিদের হয়ে খেলা হয়নি। এখনো জেতা হয়নি কিছু, তবু রদ্রিগোর মধ্যেই নেইমারের ছায়া বেশি খুঁজে পাচ্ছেন সবাই। বয়সের তুলনায় পরিপক্ব মাথা বলে এরই মাঝে মূল জাতীয় দলের কোচ তিতের নজরে পড়েছেন, কুড়িয়েছেন প্রশংসা। দুজন একই ক্লাব (সান্তোস) থেকে উঠে এসেছেন বলেই হয়তো মিলটা সবাই বেশি খুঁজে পাচ্ছেন। কিন্তু নেইমারের সঙ্গে এমন তুলনা পছন্দ হচ্ছে না রদ্রিগোর। রিয়াল মাদ্রিদের জন্য নিজেকে এরই মাঝে প্রস্তুত করতে শুরু করলেও নিজেকে এখনো বড় কিছু ভাবতে রাজি নয় রদ্রিগো, ‘নেইমার হলো নেইমার আর রদ্রিগো হচ্ছে রদ্রিগো। সে যা করে, অন্য কেউ সেটা সেভাবে করতে পারে না। মানুষ আমাদের মাঝে তুলনা টানতে চায় কিন্তু এখানে তুলনা টানা সম্ভব নয়। নেইমারের বয়স ২৬ এবং এবং সে সবকিছু জিতেছে।’

বয়সের পার্থক্য থাকলেও নেইমারের সঙ্গে ভালো সম্পর্ক রদ্রিগোর। বয়সভিত্তিক দলের সঙ্গে নেইমারের ভালো সম্পর্ক আছে। আর সে সুবাদে রদ্রিগো ও ভিনিসিয়ুসের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেইমারের। এ সম্পর্কের জোরেই নেইমারের অর্জন সম্পর্কে ভালো জানা আছে রদ্রিগোর, ‘সে কোপা লিবার্তোদোরেস জিতেছে, জিতেছে অলিম্পিক, চ্যাম্পিয়নস লিগ। আর আমি পেশাদার ক্যারিয়ারের প্রথম বছর কাটাচ্ছি। এটা গাধামি (তুলনা)। সে আমার আদর্শদের একজন কিন্তু আমাদের মধ্যে তুলনা চলে না।’

সান্তোসের হয়ে ২০১১ সালে কোপা লিবার্তোদোরেস জিতেছেন নেইমার। সে সুবাদেই বার্সেলোনার সঙ্গে ক্লাব বিশ্বকাপ খেলেছেন। এর পর ২০১৩ সালে বার্সেলোনাতে যাওয়ার পর জিতেছেন লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ। আর রদ্রিগো এবার মাঝ মৌসুমে দলে জায়গা পাওয়ার পর বেশ কিছু গোল করলেও লিগে দশম স্থান থেকে তুলতে পারেনি। সান্তোসও তাই আগামী মৌসুমে লিবার্তোদোরেস নয় খেলবে সুদামেরিকানা। রদ্রিগো অবশ্য সে টুর্নামেন্ট জয়ের আশাও করতে পারছে না। এ জুনেই যে তাকে চলে আসতে হবে স্পেনে।