'পরিকল্পনাই ছিল না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
.
.
বাংলাদেশের ফুটবল এখন মুমূর্ষু। এ অবস্থার জন্য অনেক সাবেক ফুটবলারই সমালোচনার তির ছুড়ছেন কাজী সালাউদ্দিনের দিকে। তাঁদের যুক্তি, ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে সাড়ে ৮ বছরে সালাউদ্দিন কিছু করতে পারেননি। কিন্তু সালাউদ্দিন একাই কি দায়ী? ফেডারেশনে তাঁর সঙ্গী তো আরও কয়েকজন সাবেক ফুটবলার। সালাউদ্দিনের নেতৃত্বাধীন কমিটিতে ২০০৮ সাল থেকেই আছেন সাবেক তারকা সালাম মুর্শেদী, বাদল রায় ও শেখ মোহাম্মদ আসলাম। হাসানুজ্জামান বাবলু প্রথম মেয়াদে থাকলেও বর্তমান কমিটিতে নেই। ব্যর্থতার দায় তাঁদেরও কি নেই? তাঁরা কী বলেন?
বাদল রায়
বাদল রায়

ফুটবল ফেডারেশনের সঙ্গে আছি সেই ১৯৯৬ সাল থেকে। শুরুতে যুগ্ম সম্পাদক। ২০০৮ সাল থেকে সহসভাপতি। গত মেয়াদে বাফুফের ডেভেলপমেন্ট কমিটির প্রধানের দায়িত্ব নিই। সাড়ে চার বছর আছি এই পদে। ফুটবলের বর্তমান অবস্থায় স্বাভাবিকভাবেই বড় প্রশ্ন, ডেভেলপমেন্ট কমিটি কী করল? খেলোয়াড় তুলে আনল না কেন?
সেই জবাবদিহির জায়গা থেকে বলব, আমার কাজ ছিল খেলোয়াড় খুঁজে বের করে ওদের পরিচর্যা করা। আমরা সেটা পারিনি। অনেকে প্রশ্ন করবেন, চেষ্টা কী ছিল? আমার কমিটির পক্ষ থেকে যা করার, সেটা আমি করেছি। কিন্তু কমিটির বাইরেও নীতিনির্ধারণী ব্যাপার আছে। নীতিনির্ধারকেরাই বলেছেন, অনূর্ধ্ব-১৬ সাফজয়ী তরুণদের এটা দেবেন, ওটা করবেন। কিন্তু তা বাস্তবায়িত হয়নি।

কমিটির প্রধান হিসেবে আমি দেখব খেলোয়াড়দের উন্নতি হলো কি না। কিন্তু দেখার সুযোগই তো পেলাম না। কিছু টিম ধরে আবার ছেড়ে দিয়েছি অল্পদিনেই। এমন হয়েছে বলেই বাংলাদেশের ফুটবলের আজকের এই অধঃপতন। এখন সবাই দেখছেন, তৃণমূল নিয়ে কাজ করার ভাবনাটা হচ্ছে, যেটি হওয়া উচিত ছিল ১০ বছর আগেই।
আমাদের সমস্যা এই জায়গাতেই। কোনো পরিকল্পনাই ছিল না। কেউ কেউ বলেন, টাকা কই? টাকা এখানে মুখ্য নয়। একটা পলিসি থাকতে হবে। সভাপতি সাহেবের মুখেই শুনেছি, ৮৫ শতাংশ টাকাই নাকি খরচ করেছেন জাতীয় দলের পেছনে। নিজেই বলেছেন, এত টাকা জাতীয় দলের পেছনে খরচ করে ভুল করেছেন। আমার মনে হয়, এই একটা তথ্যেই সব পরিষ্কার হয়ে যাচ্ছে।
সব কথার শেষ কথা তাই ওটাই, পরিকল্পনার সংকটই আমাদের টেনে নিয়েছে অনেক পেছনে। অনেকে বলেন, কাজী সালাউদ্দিনের সঙ্গে এত এত সাবেক খেলোয়াড়, ওরা কী করল? দায়দায়িত্ব ওরা নেবে না? দায়দায়িত্বের ব্যাপারটা বিশ্লেষণের দাবি রাখে। ফুটবল উন্নয়নের পরিকল্পনাই যদি না থাকে, তাহলে ফুটবল উন্নয়ন আশা করাই তো অবান্তর!

আরও পড়ুন: