'পরিপূর্ণ' বার্সা উড়িয়ে দিল পিএসজিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনার জয়ের দুই নায়ক ছবি: এএফপি।
বার্সেলোনার জয়ের দুই নায়ক ছবি: এএফপি।

বার্সেলোনার আক্রমণ-ত্রয়ী যেদিন জ্বলে ওঠেন, তখন কোনো বাধাই বাধা নয় কাতালানদের। কাল প্যারিসে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে এটাই যেন নতুন করে জানলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সুয়ারেজের জোড়া গোলের সঙ্গে নেইমারের দারুণ এক গোলে পিএসজিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমির পথে এক পা বাড়িয়েই রাখল লুইস এনরিকের শিষ্যরা।
প্রথমার্ধে ১৮ মিনিটের সময় নেইমারের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। লিওনেল মেসির চমৎকার একটি পাস থেকে নিজের ডান পা ব্যবহার করে দলকে এগিয়ে দেন এই ব্রাজিলীয় তারকা।
অবশ্য ১৪ মিনিটের সময়ই বার্সেলোনা এগিয়ে যেতে পারত। কিন্তু দুর্ভাগ্যের কারণে সুযোগটি কাজে লাগাতে পারেননি মেসি। সুয়ারেজের মাপা পাস বক্সের ডান প্রান্তে পেলেও তাঁর বাঁ পায়ের শট পোস্টে লেগে ফেরত আসে।
ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল সুয়ারেজের নৈপুণ্যে ভাস্বর। উরুগুইয়ান স্ট্রাইকার যোগ্য সঙ্গ পান মেসি-নেইমারেরও। ৬৭ মিনিটে পিএসজি ডিফেন্ডার ডেভিড লুইজকে পায়ের কারুকাজে বোকা বানিয়ে বক্সে ঢুকে আরও দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বার্সেলোনাকে ২-০ গোলে এগিয়ে দেন সুয়ারেজ। ৭৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করার পথেও লুইজকে বোকা বানান সুয়ারেজ। ৮২ মিনিটে ব্যবধান কমায় পিএসজি। ফন ডার ভিলের শট জেরেমি ম্যাথিউয়ের পায়ে লেগে পরাস্ত করে আর্ক-আন্দ্রে টার স্টেগেনকে।
ম্যাচ শেষে পিএসজির বিপক্ষে এই জয়কে নিজ দলের ‘পরিপূর্ণ পারফরম্যান্স’ হিসেবে অভিহিত করেছেন কোচ লুইস এনরিকে। বলেছেন, সবার সম্মিলিত প্রয়াসেই এসেছে দারুণ এই জয়, ‘দারুণ পরিপূর্ণ পারফম্যান্স। আমরা আজ মধ্যমাঠকে পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছিলাম। রক্ষণভাগ দায়িত্ব নিয়ে রক্ষণের দায়িত্ব পালন করেছে। আক্রমণভাগ প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করেছে। সব মিলিয়ে এটা একটা দলগত পারফরম্যান্স।
পিএসজি কোচ লরেন্ত ব্লঁ প্রশংসায় ভাসিয়েছেন বার্সেলোনার আক্রমণ-ত্রয়ী মেসি-সুয়ারেজ-নেইমারকে। তিনি বলেছেন, ‘প্রতিপক্ষ দলে যদি এমন তিনজন খেলোয়াড় থাকে। তাহলে পুরো ব্যাপারটাই কঠিন হয়ে যায়। আমার দলের খেলোয়াড়েরা ভালো খেলেছে। কিন্তু দিন শেষে পেরে ওঠেনি। ভালো খেলে হারলে হতাশায় ভাসাটা খুবই স্বাভাবিক।’ সূত্র: এএফপি।