'পরিসংখ্যান মিথ্যা বলে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই হাসি রোনালদোকেই মানায়। ছবি: এএফপি
এই হাসি রোনালদোকেই মানায়। ছবি: এএফপি

রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের হয়ে তাঁর মোট গোল ৬০০। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগে ১০৫। জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ—যার তিনটি রিয়ালের হয়ে। পাঁচ মৌসুম ধরেই চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি—এমন পরিসংখ্যান ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য কারও দয়ার দান নয়। মাঠে খেলেই এই পরিসংখ্যান নিজের নামের পাশে লিখেছেন তিনি। রোনালদোর বরং এখন করুণা হচ্ছে তাঁর সমালোচকদের জন্যই।

 জুভেন্টাসকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর রোনালদোর কণ্ঠে সমালোচকদের জন্য সমবেদনাই, ‘আমার সমালোচকেরা এখন কী বলবে? আমার মনে হয়, তারা বলার ভাষা হারিয়ে ফেলেছে।’ নিজের পরিসংখ্যানগুলোই সমালোচকদের জন্য তাঁর মোক্ষম জবাব, ‘আমি মনে করি পরিসংখ্যান কখনো মিথ্যা বলে না। আমরা আবারও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতলাম। অবশ্যই এটি আমার ফুটবল–জীবনের সেরা এক রাত। আমার ভালো লাগছে যে এই কথাটা আমি পরপর দুই বছর ধরে বলছি। এটা দারুণ একটা সত্যি।’
এবারও দুর্দান্ত একটা মৌসুম কাটালেন রোনালদো। মৌসুমের বিভিন্ন সময় ছন্দপতন ঘটেছে, আবারও ঘুরে দাঁড়িয়েছেন। কখনোই হাল ছাড়েননি। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের গৌরবটা এখন প্রাণভরেই উপভোগ করতে চান, ‘দীর্ঘ একটা মৌসুম কাটালাম। গত মৌসুমটাও ছিল দুর্দান্ত। সাফল্যের কারণেই দীর্ঘ মৌসুমের ক্লান্তিটা আমাকে ছুঁয়ে যাচ্ছে না। আমি বরং অনেক বেশি অনুপ্রাণিত। অনেক বেশি আনন্দিত। তিন দিনের ছুটি নেব। এরপরই আবারও ব্যস্ততা। পর্তুগালের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে। আছে কনফেডারেশনস কাপ।’
নিজের বয়স নিয়ে একেবারেই চিন্তিত নন রোনালদো। এ প্রসঙ্গে অবশ্য সংখ্যাতত্ত্বকে পাত্তা দিতে চান না তিনি, ‘বয়স আমার কাছে কেবলই একটা সংখ্যা। এই বয়সেও আমি নিজেকে বাচ্চা ছেলেই মনে করি।’ সূত্র : এএফপি