'পরীক্ষা' দিতে ন্যু ক্যাম্পে সাম্পাওলি!
ন্যু ক্যাম্পের ডাগআউটে নিজের আসনটাকে কি পরীক্ষাকক্ষের বেঞ্চ মনে হবে হোর্হে সাম্পাওলির? শিষ্যরা মাঠে লড়বেন লিওনেল মেসি, নেইমারদের আটকাতে। তবে আসল পরীক্ষাটা বোধ হয় তাঁর নিজেরই। ন্যু ক্যাম্পে আজ যে স্প্যানিশ লিগের ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে সাম্পাওলির সেভিয়া।
বার্সেলোনার মাঠে ওদের বিপক্ষে খেলাটা যেকোনো দলের জন্যই বড় এক পরীক্ষা। তাহলে সেভিয়া কোচ সাম্পাওলির পরীক্ষা নিয়ে এত ঘটা করে কেন বলা! আসলে সাম্পাওলির পরীক্ষাটা যে একটু অন্য রকম। চলতি মৌসুম শেষে বার্সেলোনার কোচের পদ ছাড়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন লুইস এনরিকে। তাঁর জায়গায় কে আসবেন, এই জল্পনা-কল্পনাও শুরু হয়ে গেছে। ডালপালা মেলা গুঞ্জনের মধ্যে শোনা যাচ্ছে, সাম্পাওলিকেই এনরিকের যোগ্য উত্তরসূরি মনে করছেন অনেকে। মেসিদের কোচ হতে চান? সপ্তাহখানেক আগে সাম্পাওলিকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা। স্বপ্ন যে দেখেন, তা গোপন করেননি। মেসিকে প্রতিদিন কাছ থেকে দেখতে চান। বিশ্বের সেরা খেলোয়াড়কে সাইডলাইন থেকে দেখাটা তাঁরও বড় স্বপ্ন।
স্প্যানিশ লিগে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আজ মেসি মাঠে ফিরছেন। আজকের জন্য অন্তত স্বপ্নটা পূরণ হচ্ছে সাম্পাওলির। তবে আজ মেসির জাদু নিশ্চয়ই দেখতে চাইবেন না সেভিয়া কোচ। তাহলে যে পরীক্ষায় ‘পাস নম্বর’ না-ও পেতে পারেন! বার্সার ভবিষ্যৎ কোচ নিয়ে বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জনে কান পাতলে আর্নেস্তো ভালভার্দের নামও শোনা যাচ্ছে। বার্সেলোনা অ্যাথলেটিক বিলবাওয়ের এই কোচের দিকেও ঝুঁকতে পারে বলে মনে করেন অনেকে। এনরিকের সহকারী হুয়ান কার্লোস উনজুয়ের সম্ভাবনা আছে বলেও ধারণা করা হচ্ছে। এ দুজনকে পেছনে ফেলতে হলে বার্সা কর্মকর্তাদের মন জয় করতে হবে সাম্পাওলিকে। সেদিক থেকে সেভিয়ার আজকের ন্যু ক্যাম্প সফর তাঁর জন্য বড় এক সুযোগ।
সেভিয়ার বড় চ্যালেঞ্জ এখন আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া। সেদিক থেকে আজকের ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ আছে তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে থাকা বার্সার পয়েন্ট ৬৬। আর এক ম্যাচ কম খেলে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লিগ থেকে সরাসরি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলবে শীর্ষ তিনটি দল। চতুর্থ স্থানে থাকা দলটিকে খেলতে হবে প্লে-অফে।
সাম্পাওলি মনে করেন, তাঁর আর সেভিয়ার পরীক্ষাটা বেশ কঠিনই হবে। মেসি নামের কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে যে তাঁদের, ‘লিও ছন্দে থাকলে তার দলকে হারানো কঠিন।’ তবে সরাসরি চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসীই মনে হচ্ছে সেভিয়ার স্ট্রাইকার স্তেফান ইউভেতিচকে, ‘আমাদের ঘুরে দাঁড়াতে হবে। পাঁচ ম্যাচ আগেও তো আমরা পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ছিলাম।’ এএফপি।