'পরের যুগটা নেইমারের'

লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর পর কে? কয়েক বছর ধরেই প্রশ্নটার উত্তর খুঁজছে ফুটবলবিশ্ব। এখন বোধ হয় সেই উত্তরটা সবাই পেয়ে গেছেন। পরশু ব্যালন ডি’অরে সেরা তিনে মেসি ও রোনালদোর সঙ্গে জায়গা পেয়েছেন, ব্যাটনটা তো এখন সবাই নেইমারের হাতেই দেখছেন। বার্সেলোনা সতীর্থ দানি আলভেস যেমন আরেকটু এগিয়ে গিয়ে বললেন, পরের যুগটা হবে নেইমারেরই।
বয়স এখনো ২৩। এই বয়সেই মেসি-রোনালদো নিজেদের প্রথম ব্যালন ডি’অর পেয়ে গিয়েছিলেন। তবে এই বয়সে যদি ক্যারিয়ারের মোট গোলের হিসাব করা হয়, সেখানে নেইমারই এগিয়ে। ২৩ বছর পূর্ণ হওয়ার দিন ৩১৭ ম্যাচে নেইমারের গোল ১৮৩টি। একই বয়সে রোনালদো ৩২৭ ম্যাচে করেছিলেন ১১৮ গোল। আর ২৩তম জন্মদিন পর্যন্ত ২৬৮টি ম্যাচে মেসি বল জালে জড়িয়েছিলেন ১৫০ বার।
এসব বাড়তি তথ্য। নেইমারকে মেসি-রোনালদোর উত্তরসূরি হিসেবে সবার একবাক্যে মেনে নেওয়ার আসল কারণ এই মৌসুমে তাঁর পারফরম্যান্স। লা লিগায় সর্বোচ্চ ১৪ গোল তাঁর, ক্লাব ও দেশ মিলে এই বছরে নেইমারের চেয়ে শুধু মেসি-রোনালদোই বেশি গোল পেয়েছেন। কদিন আগেই ব্রাজিল পূর্বসূরি রোনালদো যেমন বললেন, পরের বারের ব্যালন ডি’অর নেইমার জিততে পারেন। বার্সা সতীর্থ দানি আলভেজও সতীর্থকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত, ‘নেই (নেইমার) নিজেই তার সীমানা ঠিক পারে। আর সে যদি কোনো সীমা না চায়, তাহলে সেটা তার দরকারও নেই। কারণ, তার চরিত্র ও ধরনটাই এ রকম। দিন শেষে সে লিও বা লুইসের (সুয়ারেজের) মতোই একজন। এরা প্রত্যেকেই অনন্য, যারা একটা যুগের শুরু করে দিতে পারে। ফুটবলে যেমন আগে কিংবদন্তিরা করেছে।’
আলভেজের অবশ্য খুশি হওয়ার আরেকটা কারণ আছে। ১৯৯৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত ব্রাজিলিয়ানরা যখন আটবার ব্যালন ডি’অর জিতেছেন, ২০০৮ সালের পর শেষ তিনেই কেউ ছিলেন না। নেইমার সেই ‘গেরোটা’ কাটিয়েছেন। আলভেজ তাই বলছেন, নেইমার যা চান সেটাই পেতে পারেন, ‘আমার মনে হয় সে যেটা চায়, সেটাই অর্জন করতে পারে। আর আমাদের সঙ্গে থাকলে তো আরও ভালো। সেটা হলে ওর সঙ্গে আমরাও আরও অনেক অর্জনের উপলক্ষ পাব।’
আলভেজ শুনে খুশি হতে পারেন, পরশু লা লিগার ‘সেরা আমেরিকানের’ পুরস্কার পাওয়ার পর নেইমার জানিয়েছেন, ‘এই মুহূর্তে ক্লাব ছাড়ার কথা মাথাতেই আনছি না। এখানে আমার আরও অনেক কিছু দেওয়ার আছে।’
শেষ কথাটা শুনে বার্সেলোনা-ভক্তরাই সবচেয়ে খুশি হবেন! তথ্যসূত্র: রয়টার্স।