প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলে গোল উদ্যাপন তো কতভাবেই হয়! এই যুগে ফ্রান্সেসকো টট্টির মতো কেউ যেমন মাঠেই সেলফি তুলে ফেলেন। এ তো তাও ভালো, খ্যাপাটে উদ্যাপনেরও কি অভাব আছে? ফ্রাঙ্কো ডি সান্টোই পরশু যেমনটি করলেন। জার্মান কাপের ম্যাচে ডুইসবার্গের সঙ্গে খেলছিল শালকে। জার্মান ক্লাবটিতে এই মৌসুমেই যোগ দিয়েছেন সান্টো। ৬৪ মিনিটে দলের চতুর্থ গোলটা করার পরই খেয়ালটা চেপে বসে আর্জেন্টাইন স্ট্রাইকারের মাথায়। মাঠ থেকে কী যেন একটা হাতে তুলে নেন। পরে সেটি ঢুকিয়ে দেন সতীর্থ লেরয় সেইনের জার্সির নিচে। বিস্ময়ে আঁতকে ওঠেন সেইন, এ আবার কী! পরে টিভি ক্যামেরায় দেখা যায়, জলজ্যান্ত একটা মাকড়সা! সেইন ততক্ষণে জার্সি-টার্সি খুলে ফেলেছেন। সান্টো ওদিকে হেসে কুটিকুটি। এ যেন ফুটবলের পাগলা দাশু! ইএসপিএন।