'পাগুলে সমাপ্তি'র এক ম্যাচ
৫১ মিনিটে ৩-১ গোলে এগিয়ে হল্যান্ড, কমলা রঙের আমস্টারডামের গ্যালারি উদ্যাপনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। কিন্তু ম্যাচ শেষে সেই গ্যালারিতে থম মেরে থাকল নীরবতা, অন্তিম সময়ের দুই গোলে যে যুক্তরাষ্ট্র জিতে গেছে ৪-৩ ব্যবধানে! প্রীতি ম্যাচ হলেও পরশুর জয়টা যুক্তরাষ্ট্রের কাছে অনেক বড়, পাঁচবারের চেষ্টায় এই প্রথম হল্যান্ডকে হারিয়েছে তারা।
২৭ মিনিটে ক্লাস ইয়ান-হান্টেলারের গোলে প্রথম এগিয়ে যায় হল্যান্ড। ৩৩ মিনিটে যুক্তরাষ্ট্রের হয়ে সমতা আনেন গিয়াসি জার্ডেস। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-০ গোলেই। বিরতির পর ৪৯ মিনিটে আবার হান্টেলারের গোল। এরপর ৫৩ মিনিটে মেমফিস ডিপাইয়ের গোলের পর মনে হচ্ছিল হল্যান্ডের আরেকটি জয় কেবল সময়ের ব্যাপার। কিন্তু ৭০ মিনিটে জন ব্রুকস ব্যবধান কমান (৩-২)। ৮৯ মিনিটে ড্যানিয়েল উইলিয়ামস সমতা ফেরান যুক্তরাষ্ট্রের হয়ে (৩-৩), অতিরিক্ত সময়ে ববি উডের গোলে স্মরণীয় এক জয় পায় যুক্তরাষ্ট্র।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে গ্রুপে তৃতীয় স্থানে আছে হল্যান্ড, দ্বিতীয় স্থানে থাকা আইসল্যান্ডের চেয়ে পিছিয়ে ৫ পয়েন্টে। আগামী শুক্রবার লাটভিয়ার বিপক্ষে ম্যাচটি তাই খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই ম্যাচের এক সপ্তাহ আগে এমন পরাজয়ে ডাচ কোচ গাস হিডিঙ্কের ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক। ‘ম্যাচটার সমাপ্তিটা ছিল রীতিমতো পাগুলে। শেষ ২০ মিনিটে আমরা একদমই এলোমেলো হয়ে গিয়েছিলাম’—প্রতিক্রিয়ায় বলেছেন তিনি। এএফপি।