'পাঁচ তারকা' ফরাসি সৌরভে মাতল ইউরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমেই ম্যাচের ফলটা বলে দেওয়া যাক। সেন্ট ডেনিসে শেষ কোয়ার্টার ফাইনালে আইসল্যান্ডকে ৫-২ গোলে হারিয়ে সেমিতে উঠে গেল স্বাগতিক ফ্রান্স।
স্কোরলাইনটা যখন ৫-২, তখন হারিয়ে না বলে উড়িয়ে বলা উচিত। ম্যাচের প্রথমার্ধও তা–ই বলে। কিন্তু দ্বিতীয়ার্ধে যেভাবে ফিরে এল আইসল্যান্ড, তাতে উড়িয়ে দেওয়া কথাটি বলা যাচ্ছে না। বলতে দিচ্ছেন না গুনারসন, বিয়ার্ডনাসনরা।
ম্যাচের আগেই কোচ হেইমির হালগ্রিমসন বলেছিলেন বাস্তববাদী হতে। আইসল্যান্ড নিজেদের জীবনের সেরা খেলাটা উপহার দিলেও হারতে হতে পারে ফ্রান্সের কাছে। দুই দলের মধ্যে এতটাই তফাত যে স্বপ্ন দেখতেই কেমন বাধো বাধো ঠেকছিল আইসল্যান্ডের কোচের। কিন্তু ইংল্যান্ডকে হারিয়েই তো কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে তারা, তাই একালের ভাইকিংদের আবারও স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ফুটবল রোমান্টিকেরা।
সে স্বপ্ন ভেঙে গেল ২০ মিনিটের মধ্যেই। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা ফ্রান্স অবশ্য গোল পেয়ে গেছে তার আগেই। ১২ মিনিটেই গোল করেন অলিভিয়ের জিরু। ২০ মিনিটে সেটি ২-০ গেল পগবার গোলে। ম্যাচ তো তখনই শেষ হয়ে যেত পারত। এরপরও ফ্রান্স ছড়াতে থাকল সুন্দর ফুটবলের সৌরভ। অন্য ধাতুতে গড়া আইসল্যান্ডিকরাও তাদের লড়াই চালিয়ে গেল।
কিন্তু প্রথমার্ধের শেষ দিকেই সব অনিশ্চয়তার অবসান হলো। ৪৩ মিনিটে পায়েতের দুর্দান্ত গোলটিকে ম্লান করে দিয়ে ৪৫ মিনিটে দলের চতুর্থ গোলটি করে ফেলেন গ্রিজমান।
দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে একটি গোল ফিরিয়ে দেন কোলবেইন সিগুরসন। ৩ মিনিট পরেই আবারও জিরুর গোলে স্কোরলাইন ৫-১। অন্য কোনো দল হলে হয়তো এখানেই হাল ছেড়ে দিত। কিন্তু আগ্নেয়গিরির মাঝে বেড়ে ওঠা আইসল্যান্ডিকরা তো হাল ছাড়তে অভ্যস্ত নয়। তাই শেষ মিনিট পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে গেল। ৮৪ মিনিটে বিরকির বিয়ার্ডনাসনের গোলে স্কোরলাইন ৫-২ করে ফেলে দলটি।
সেমিতে ফ্রান্সের জন্য অপেক্ষা করছে জার্মানরা। আজ আক্রমণাত্মক ফুটবলের যে পসরা সাজিয়েছিল ফ্রান্স, তাতে দুর্দান্ত এক ম্যাচের আশা করতেই পারেন সবাই।