'পারলে এবার কথা বলো, তোতা পাখিরা!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্টাগ্রামে কোয়েন্ত্রাওয়ের সেই ছবি।
ইনস্টাগ্রামে কোয়েন্ত্রাওয়ের সেই ছবি।

মঞ্চটা তাঁর জন্যই তৈরি হয়ে ছিল। গ্রুপের শেষ ম্যাচ, হেরে গেলে ইউরোর গ্রুপপর্ব থেকে বিদায়। তার ওপর ম্যাচের শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়েছিল দল। এই ম্যাচেই তো ক্রিস্টিয়ানো রোনালদোকেই বেশি করে দরকার ছিল পর্তুগালের।
দলের বড় প্রয়োজনের সময়েই স্বরূপে দেখা দিলেন পর্তুগাল অধিনায়ক। দুর্দান্ত থ্রু বলে নানিকে দিয়ে প্রথম গোলটি করিয়েছেন, পরে নিজে করেছেন আরও দুই গোল। রোনালদোর নায়কোচিত পারফরম্যান্সেই কাল গ্রুপের শেষ ম্যাচে হাঙ্গেরির সঙ্গে ৩-৩ গোলে ড্র করল পর্তুগাল। উঠে গেল শেষ ষোলোতে, যেখানে তাঁদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
দুর্দান্ত এমন পারফরম্যান্সের পর রোনালদো বন্দনা চলছে চারদিকে। সেটিই স্বাভাবিক। কিন্তু রোনালদোরই সতীর্থ ফাবিও কোয়েন্ত্রাও উল্টো মনে করিয়ে দিলেন গত কয়েক দিন রোনালদোকে ঘিরে থাকা সমালোচনার কথা। কাল পর্তুগালের ম্যাচ শেষ হওয়ার পরই নিজের ইনস্টাগ্রামে রোনালদোর গোল উদ্‌যাপনের একটা ছবি দিয়েছেন কোয়েন্ত্রাও। সঙ্গে ক্যাপশন—‘পারলে এবার কথা বলো, তোতা পাখিরা!’ ইটের বদলে পাটকেল! গত কয়েক দিন ধরে রোনালদোকে ঘিরে যে সমালোচনা চলছে, তার জবাবই দিয়ে দিলেন কোয়েন্ত্রাও। যেন বলতে চাইলেন, রোনালদো এক-দু্ই ম্যাচে ব্যর্থ হলেই তোতা পাখির শেখানো বুলির মতো সেই চেনা কথাগুলোই আওড়ায় রোনালদোর সমালোচকেরা।

রোনালদো জ্বলে ওঠায় স্বস্তি পেল পর্তুগাল। ফাইল ছবি।
রোনালদো জ্বলে ওঠায় স্বস্তি পেল পর্তুগাল। ফাইল ছবি।

প্রথম দুই ম্যাচে পর্তুগাল ড্র করল আইসল্যান্ড ও অস্ট্রিয়ার সঙ্গে। তাতে রোনালদোও ম্লান। কোনো গোল করতে পারলেন না। সেটি নিয়ে সমালোচনাই থামছিল না, তার ওপর মাঠের বাইরেও জন্ম দিলেন নানান ঘটনার। প্রথম ম্যাচের পর আইসল্যান্ডের ‘সংকীর্ণ মানসিকতা’র সমালোচনা করলেন, গতকালের ম্যাচের আগেও তো এক সাংবাদিকের মাইক্রোফোন ছুড়ে ফেলে দিলেন লেকের পানিতে। পর্তুগিজ ওই সাংবাদিক নাকি রোনালদোর কাছে ম্যাচের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছিলেন। তাতেই রোনালদো খেপে আগুন।
সব মিলিয়ে মাঠ ও মাঠের বাইরে চাপ বেশ বাড়ছিল রোনালদোর ওপর। চাপটা পর্তুগিজ অধিনায়কের অভিব্যক্তিতেও কাল বেশ বোঝা যাচ্ছিল। সতীর্থদের সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়া, দল গোল খাওয়ার পর বিরক্তিটা চোখেও পড়ছিল। তবে পর্তুগালের ভাগ্য ভালো, রোনালদো বিরক্তিটাকে চেপে রেখে উল্টো দিনটাকে রাঙিয়ে দিলেন দুর্দান্ত পারফরম্যান্সে। দুই গোল করেছেন, প্রথম গোলটি তো অসাধারণ! ডান প্রান্ত থেকে ভেসে আসা ক্রসে দুর্দান্ত ব্যাক-ফ্লিকে! পরেরটি হেডে।
চারদিক থেকে ভেসে আসা এত এত সমালোচনার মধ্যেই এমন দুর্দান্ত পারফরম্যান্স। কোয়েন্ত্রাওকেও মুগ্ধ করেছে সেটি। চোটের কারণে ইউরোতে দলের সঙ্গে নেই। তবে দলের হাসি-আনন্দের অনুভূতিগুলো ঠিকই ছুঁয়ে যাচ্ছে লেফট ব্যাককে। ম্যাচের পরই ছবিটি দিয়েছেন ইনস্টাগ্রামে। রিয়াল মাদ্রিদের জার্সিতে গোলের পর রোনালদোর চিরচেনা উদ্‌যাপনের ভঙ্গির একটি ছবি দিয়ে বার্তাটা দিয়ে রাখলেন, ‘পারলে এবার কথা বলো, তোতা পাখিরা!’
হয়তো বলতে চাইলেন, এক-দুই ম্যাচ দিয়ে রোনালদোদের মতো খেলোয়াড়কে বিচার করা অন্যায়। সূত্র : গোলডটকম।