'পুঁচকে' আইসল্যান্ডের গল্প

ইউরোর জন্য আইসল্যান্ডের ২৩ সদস্যের দল কীভাবে তৈরি হয়েছে জানেন? খুব সহজ বিয়োগের অঙ্ক। পুরো দেশের জনসংখ্যা ৩ লাখ ৩০ হাজারের মতো, যার অর্ধেক নারী। ১৮ বছরের কম ও ৩৫ বছরের বেশি বয়স, সঙ্গে একটু বেশি ওজনের কারণে বাদ প্রায় দেড় লাখ। বাকিদের মধ্যে ফ্রান্সের বিভিন্ন স্টেডিয়ামে দলের সঙ্গে ঘুরছেন ৯ হাজারের মতো মানুষ। ভূমিকম্প ও আগ্নেয়গিরির নজরদারিতে ব্যস্ত লোকজন, মেষপালক, অসুস্থ ব্যক্তি...এভাবে আরও বাদ পড়েছেন হাজার পাঁচেক। এত বাদ দেওয়ার পর নাকি দেশটাতে মানুষই থাকে আর ৩৪ জন! যার মধ্যে ১১ জন দলের কোচ ও অন্যান্য পদে। বাকি ২৩ জন খেলোয়াড়!
স্রেফ কৌতুক এটা। আইসল্যান্ড আয়তনে ও জনসংখ্যায় কতটা ছোট দেশ, সেটি বোঝানোর জন্য মজা করে বানানো এই হিসাব ইউরোর শুরু থেকেই টুইটারে ছড়িয়ে পড়েছে। শুধু ইউরোই নয়, যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ইতিহাসেই অংশ নেওয়া সবচেয়ে ছোট্ট দেশ আইসল্যান্ড। সেই ‘পুঁচকে’ দেশটিই পরশু গড়ল অনন্য ইতিহাস। ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটিয়ে ইউরোর শেষ ষোলো থেকেই বিদায় করে দিল ইংল্যান্ডকে।
সেই ইংল্যান্ড, যাদের ফুটবলকে ধ্রুবতারা মেনে এগোচ্ছে আইসল্যান্ডের ফুটবল। ষাটের দশকে যাদের ফুটবল টিভিতে দেখার জন্য এক সপ্তাহ অপেক্ষা করতে হতো আইসল্যান্ডারদের। ম্যাচের ভিডিও টেপ ইংল্যান্ড থেকে উত্তর আটলান্টিকের পাশের দেশটিতে যেতে লেগে যেত সাত দিনের মতো।
ইংল্যান্ডের জন্য এটি হয়তো অঘটন নয়। বড় কোনো টুর্নামেন্টে গ্রুপ পর্বে বা নকআউট পর্বের শুরুর দিকে ইংল্যান্ডের বাদ পড়াটা ঢাকার রাস্তার জ্যামের মতোই নিয়মিত হয়ে যাওয়া ব্যাপার। কখনো এর ব্যতিক্রম হলে বুঝতে হবে, ‘ঈদ’ চলছে। কিন্তু ইংল্যান্ড নয়, ফুটবলপ্রেমীদের ঠোঁটের ডগায় এখন সবচেয়ে বেশি উচ্চারিত নাম আইসল্যান্ড।
ফুটবল মানচিত্রে প্রায় অচেনা দেশটির কীর্তিও তো তেমনই! জনসংখ্যার কথা আগে বলা হলো। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুরের জনসংখ্যাই আইসল্যান্ডের প্রায় দ্বিগুণ (৬ লাখ, ২০১১ আদমশুমারি অনুযায়ী)। ইউরোতে স্টেডিয়ামে আইসল্যান্ডের যত সমর্থক দেখা যায়, সেটিই পুরো আইসল্যান্ডের জনসংখ্যার প্রায় ৮ শতাংশ। ডিফেন্ডার কারি আরনাসন তো বলেই দিয়েছেন, ‘মনে হচ্ছে যেন নিজের পরিবারের সামনেই খেলছি। স্টেডিয়ামে আমাদের দর্শকদের ৫০ শতাংশকেই আমি চিনি।’
বরফ আর আগ্নেয়গিরিতে ঢাকা দেশটির জনসংখ্যাই এত কম, ফুটবলার বেশি আসবে কোত্থেকে? সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকার মজা করে টুইট করেছিলেন, ‘আইসল্যান্ডে অত ফুটবলারই নেই, যতগুলো আগ্নেয়গিরি আছে।’ সব মিলিয়ে নিবন্ধিত ফুটবলারের সংখ্যা ২১ হাজারের মতো। অবশ্য নিবন্ধনই শুধু, বেশির ভাগ খেলোয়াড়ই খণ্ডকালীন ফুটবলার, জীবিকা চালান মূলত অন্য কাজ করে। ইউরোর দলের গোলকিপার হ্যানেস হ্যালডোরাসন ফুটবলারের পাশাপাশি একজন চলচ্চিত্রনির্মাতা। দুই কোচের একজন হেইমার হালগ্রিমসন পেশায় দন্তচিকিৎসক। ক্লিনিক থেকে এসেছেন ছুটি নিয়ে। দলের কোনো খেলোয়াড়ই আইসল্যান্ডের ঘরোয়া লিগে খেলেন না। দলের সবচেয়ে বড় তারকা গিলফি সিগুর্ডসনই শুধু আছেন ইংলিশ প্রিমিয়ার লিগে।
আইসল্যান্ডে ফুটবল খেলা হয় মোট ১১টি কেন্দ্রে। বরফ-ঢাকা দেশটির এই ১১টি জায়গাতেই রয়েছে বিশেষ তাপানুকূল পরিবেশ। শীতকাল ৯ মাসের হওয়ায় খোলা মাঠ বরফে ঢাকা থাকে, এই সময়টায় তারা ফুটবল খেলে ছাদঘেরা কেন্দ্রগুলোতে।
তবে এবারের ইউরোতে তাদের উত্থানকে ঠিক চমকও বলা যাচ্ছে না। অনেক দিন ধরেই এই মুহূর্তটির জন্য প্রস্তুতি নিচ্ছিল আইসল্যান্ড। ২০১২ সালের এপ্রিলে ফিফা র্যাঙ্কিংয়ে ১৩১তম ছিল দেশটি, বর্তমানে অবস্থান ৩৪। এই উন্নতির পেছনে পরিকল্পনা ছিল অনেক। ঘরোয়া লিগে তরুণ খেলোয়াড়দের মূল একাদশে সুযোগ দেওয়াটা সেখানে ‘নিয়ম’। কোচদের জন্যও আছে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা। ৩০ শতাংশ কোচই উয়েফা ‘এ’ লাইসেন্সধারী, বাকি ৭০ শতাংশের আছে উয়েফা ‘বি’ লাইসেন্স।
২০১৪ বিশ্বকাপে খেলারও খুব কাছে গিয়েছিল আইসল্যান্ড, প্লে-অফে ক্রোয়েশিয়া বাধা হয়ে দাঁড়ানোয় হয়নি। কিন্তু এবার ওসব ঝামেলাতেই যেতে হয়নি। বাছাইপর্বে হল্যান্ড-চেক প্রজাতন্ত্রের গ্রুপে দ্বিতীয় হয়ে উঠেছে ইউরোতে। মূল মঞ্চে এসেও এখনো ভয়-ডরহীন। গ্রুপে তিন ম্যাচে অপরাজেয় থাকার পর নকআউটেও সৌরভ ছড়াচ্ছে ‘পুঁচকে’ আইসল্যান্ড। সূত্র: ফক্স স্পোর্টস।