'পুসকাসে' হাত অলিভিয়ের জিরুর

২০১৬-১৭ মৌসুমে ফিফা বর্ষসেরা গোলের পুরস্কার (পুসকাস অ্যাওয়ার্ড) জিতে নিয়েছেন আর্সেনালের ফরাসি ফরোয়ার্ড অলিভিয়ের জিরু। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এ বছর ১ জানুয়ারি ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ‘স্করপিয়ন কিকে’ গোলটি করেছিলেন তিনি। পুসকাস পুরস্কারের মনোনয়নের শীর্ষ তিনে আরও ছিলেন ভেনেজুয়েলার আন্তর্জাতিক নারী ফুটবলার ডেয়না কাস্তেয়ানোস ও বারোকা এফসির গোলরক্ষক অস্কারিন মাসুলুকের দুটি গোল।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিরুর সেই গোল ছিল প্রতি-আক্রমণে। বল পেয়ে বাঁ প্রান্ত ধরে ছুটে অ্যালেক্সিস গোলমুখে ফেলেন এক ক্রস। কিন্তু জিরু ছিলেন একটু অসুবিধাজনক জায়গায়। সে কারণেই হয়তো বক্সের ভেতরে দাঁড়িয়ে বেশ অদ্ভুত ভঙ্গিমায় গোলটি করতে হয় তাঁকে। বিছের ছোবলের ভঙ্গিতে নেওয়া শটের নামই হয়ে গেছে ‘স্করপিয়ন কিক’। দর্শনীয় সেই গোলে অবশ্য ক্রসবারের সহায়তাও পেয়েছেন জিরু। আর্সেনালের ইতিহাসে প্রথমবার কেউ এই পুরস্কার জিতলেন।
পুরস্কার হাতে নিয়ে সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন জিরু, ‘এটা আমার জন্য সম্মানের এবং আজ এই পুরস্কার গ্রহণ করতে পেরে আমি আনন্দিত। যাঁরা আমাকে ভোট করেছেন, তাঁদের ধন্যবাদ দিতে চাই। বাকি তিনজনকেও (ফাইনালিস্ট) অভিনন্দন, তাঁদের গোলগুলোও দুর্দান্ত ছিল।’
পুরস্কারটি বাবাকে উৎসর্গ করেছেন ফরাসি ফরোয়ার্ড। সেপ্টেম্বরে ১০টি গোল বেছে নিয়ে সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছিল। এরপর ভোটগণনা শেষে শীর্ষ তিন গোল বেছে নেওয়া হয় পুসকাস অ্যাওয়ার্ডের জন্য। ২০১৬ সালে এই পুরস্কার জিতেছিলেন মালয়েশিয়ার মোহাম্মদ ফাইজ সুবরি। এবারের বিচারক প্যানেলে ছিলেন হেনরিক লারসেন, অ্যালান শিয়েরারের মতো কিংবদন্তি ফুটবলাররা।