'পেনাল্টি-ব্যবধানে' শীর্ষে বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেগানেসের বিপক্ষে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেও উদ্যাপন করেননি লিওনেল মেসি। কে জানে, দলকে ২-১ গোলে জিতিয়েও হয়তো কিছু একটা নিয়ে অতৃপ্ত ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড! সে যা-ই হোক, তবে বার্সেলোনা তাদের ‘পেনাল্টি-ভাগ্য’ নিয়ে তৃপ্ত হতেই পারে।
পক্ষে ও বিপক্ষে পেনাল্টি যোগ-বিয়োগ করে যে ব্যবধান হয়, তাতে গত দুই মৌসুমে ইউরোপে সবচেয়ে এগিয়ে বার্সাই। রোববার লেগানেসের বিপক্ষে পেনাল্টিটি ছিল এই মৌসুমে বার্সেলোনার পাওয়া চতুর্থ। চলতি মৌসুমে স্প্যানিশ লিগে যা দ্বিতীয়, সবচেয়ে বেশি পেনাল্টি পেয়েছে ভিয়ারিয়াল (৭টি)।
এই চারটি নিয়ে গত দুই মৌসুমে বার্সার পাওয়া পেনাল্টির সংখ্যা দাঁড়িয়েছে ২৩টি, তাদের বিপক্ষে পেনাল্টি দেওয়া হয়েছে ১টি। ব্যবধান ২২! ‘পেনাল্টি ব্যবধানে’ ইউরোপে গত দুই মৌসুমের হিসেবে দুইয়ে ফিওরেন্টিনা (ব্যবধান ১৩), পক্ষে পেনাল্টি ১৭টি, বিপক্ষে ৪টি। তা বার্সেলোনার হিসাব এল, রিয়াল মাদ্রিদ আর বাদ থাকে কেন? ইউরোপিয়ান ‘পেনাল্টি-ব্যবধানে’র তালিকায় রিয়াল ১২তম (ব্যবধান ৭), পক্ষে ১৪টি, বিপক্ষে ৭টি। ইংল্যান্ডে পেনাল্টি ব্যবধানে সবচেয়ে এগিয়ে ম্যানচেস্টার সিটি (১২টি, পক্ষে ১৫টি)। ফ্রান্সে প্যারিস সেন্ট জার্মেই (ব্যবধান ১১, পক্ষে ১৬)। আর জার্মানিতে বায়ার্ন মিউনিখ (ব্যবধান ৯, পক্ষে ১১)। মার্কা