
কোয়ার্টার ফাইনালের ড্র হয়ে যাওয়ার পর থেকেই বাতাসে প্রশ্নটা ভেসে বেড়াচ্ছে। এটা কি তাহলে জুভেন্টাসের প্রতিশোধের ম্যাচ? জুভেন্টাস খেলোয়াড়দের কারও মুখ থেকে ‘হ্যাঁ’ বের হলে সংবাদমাধ্যমের জন্য সুবিধা। বার্সেলোনা-জুভেন্টাস ম্যাচের আবহে তাতে একটা বাড়তি মাত্রা যোগ হয়। কিন্তু আসলেই কি ওই ম্যাচের সঙ্গে এ ম্যাচের তুলনা করা যায়?
ওটা ছিল ফাইনাল, এটা কোয়ার্টার ফাইনাল। ৩-১ গোলে ওই ম্যাচ জিতে ২০১৫ চ্যাম্পিয়নস লিগের ট্রফি নিয়ে গিয়েছিল বার্সেলোনা। অন্যদিকে এবার দুই লেগের ম্যাচ। বার্সেলোনাকে শেষ আট থেকে বিদায় করতে হলে তাই আজ শুধু নিজের মাঠে জুভেন্টাসকে জিতলেই হচ্ছে না। বার্সার মাঠে ফিরতি লেগ রয়ে যাবে।
জুভেন্টাস মিডফিল্ডার ক্লদিও মারকিসিও তাই ওই ম্যাচের সঙ্গে এটার তুলনায় যেতেই রাজি নন, ‘দেখুন, দুটি ম্যাচ একেবারেই আলাদা। বার্লিনে ২০১৫ সালের ফাইনালটা ছিল ৯০ মিনিটের। এবার আমরা বার্সেলোনার বিপক্ষে দুটি ম্যাচ খেলব নিজের ও ওদের মাঠে। দুটি ম্যাচের গুরুত্বও দুই রকম। এ কারণেই আমরা প্রতিশোধের ব্যাপারটা মাথায়ই রাখছি না।’
তা না রাখুন, তবে একটা কথা তো সত্যি। প্রতিশোধ বলে ভাবতে না চাইলেও বার্সার কাছে হেরে যে শিরোপা হারাতে হয়েছিল, এই কথাটা তো আর ভুলে থাকতে পারবেন না জুভেন্টাসের খেলোয়াড়েরা। মারকিসিও ছাড়াও বুফন-বারজাল্লি-বোনুচ্চির মতো সেই ম্যাচের বেশ কয়েকজন খেলোয়াড় থাকবেন আজকের ম্যাচেও জুভেন্টাসের একাদশে। ডাগআউটেও সেই কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিই।
সেদিনের ম্যাচে বার্সেলোনার হয়ে খেলা দানি আলভেজ আজ খেলবেন জুভেন্টাসের হয়ে। এ ছাড়া খুব বেশি বদলায়নি বার্সেলোনাও। কোচ লুইস এনরিকের অধীনে মেসি-নেইমার-সুয়ারেজ-ইনিয়েস্তারা তো আজও থাকবেন বার্সেলোনা একাদশে।
অন্য একটা কারণেও এই ম্যাচটা ফুটবলপ্রেমীদের বাড়তি মনোযোগ টানতে পারে। বার্সেলোনার দুর্ধর্ষ আক্রমণভাগের সঙ্গে জুভেন্টাসের রক্ষণের লড়াই। মেসি-নেইমার-সুয়ারেজকে নিয়ে গড়া বার্সা আক্রমণভাগ তর্কযোগ্যভাবে এই মুহূর্তে ইউরোপের সেরা। অন্যদিকে ইতালিয়ান ক্লাবগুলোর রক্ষণকৌশল এমনিতেই প্রশংসিত ইউরোপিয়ান ফুটবলে, এর সঙ্গে জুভেন্টাসে বারজাল্লি-বোনুচ্চি-কিয়েল্লিনিরা যেন নতুন মাত্রা যোগ করেছেন সাম্প্রতিককালে। সিরি ‘আ’তে এই মৌসুমে এখন পর্যন্ত ৩১ ম্যাচে জুভেন্টাস গোল খেয়েছে মাত্র ২০টি। ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে একমাত্র বায়ার্ন মিউনিখ ছাড়া আর কোনো দল তাদের চেয়ে কম গোল খায়নি। বায়ার্ন অবশ্য ম্যাচও খেলেছে জুভেন্টাসের চেয়ে কম।
রক্ষণে ‘অতিমনোযোগী’ বলে ইদানীং সমালোচনাও শুনতে হচ্ছে জুভেন্টাস কোচ অ্যালেগ্রিকে। তবে ইতালিয়ান কোচ ওসব শুনে নিজের কৌশল থেকে সরে আসতে রাজি নন একেবারেই। উল্টো বলে দিয়েছেন, ‘রক্ষণে শক্তিশালী হওয়ার মধ্যে লজ্জার কিছু নেই। ফুটবলে আক্রমণভাগ ও রক্ষণ দুটিই সমান গুরুত্বপূর্ণ।’
কোচের চেয়ে এক ধাপ এগিয়ে জুভেন্টাসের কলম্বিয়ান উইঙ্গার হুয়ান কুয়াদ্রাদো। বেশি রক্ষণাত্মক বলে তাঁর দলের আক্রমণভাগকে খাটো করা হচ্ছে বলেই মনে করেন তিনি, ‘ওদের যদি মেসি-নেইমার-সুয়ারেজ থাকে, আমাদেরও তো পাওলো দিবালা-গঞ্জালো হিগুয়েইন-মারিও মানজুকিচ আছে। আমাকে যদি সেরা বেছে নিতে বলা হয়, আমি আমাদের আক্রমণভাগটাই বেছে নেব।’
মেসি-নেইমারদের সঙ্গে দিবালা-হিগুয়েইনের তুলনায় যাননি আন্দ্রেস ইনিয়েস্তা। তবে জুভেন্টাসকে শুধু রক্ষণাত্মক দল বলতে রাজি নন তিনিও, ‘চিরাচরিত ইতালিয়ান রক্ষণ তো তাদের আছেই, অন্য পজিশনেও বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়েরা খেলে।’
দিবালা-হিগুয়েইনরাও জানেন, ইনিয়েস্তার শেষ কথাটা শুধু জিয়ানলুইজি বুফন সম্পর্কে নয়! এএফপি, রয়টার্স।